ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে বিগত তিন মাসের ব্যবধানে নিজ নিজ ট্যাক্সির ভেতর থেকে তিনজন ইয়েলো ক্যাবচালকের মরদেহ উদ্ধারের ঘটনায় তীব্র আতঙ্ক ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।
সর্বশেষ গত ১১ সেপ্টেম্বর ম্যানহাটনের ওয়েস্ট ভিলেজে ৫৩ বছর বয়সী ক্যাবচালক জগজিৎ সিংয়ের মৃত্যুর পর ট্যাক্সি ড্রাইভারদের দীর্ঘ কর্মঘণ্টা, অতিরিক্ত মানসিক চাপ ও চিকিৎসাসেবার অপ্রতুলতা নিয়ে নতুন করে আলোচনার ঝড় উঠেছে।
দীর্ঘ ২০ বছর ধরে নিউইয়র্কে ক্যাব চালানো জগজিৎ সিং যাত্রী নামিয়ে গাড়ি পার্ক করার পর দীর্ঘ সময় তাঁর কোনো খোঁজ মিলছিল না। পরবর্তীতে বন্ধুরা জিপিএস ট্র্যাক করে তাঁকে ট্যাক্সির ভেতরে অচেতন অবস্থায় পেয়ে জরুরি সেবা ৯১১-এ কল দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু নিশ্চিত করা হয়।
এর আগে তানজানিয়ার নাগরিক খলিফা এইচ. সিওয়া ও আইভরি কোস্টের অভিবাসী রিচার্ড কুলিবালিকে নিজ নিজ পার্ক করা গাড়ির ভেতর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। মৃত্যুর ঘটনাগুলোতে হৃদরোগ, ডায়াবেটিস ও প্রখর তাপপ্রবাহের মতো শারীরিক উপসর্গগুলোর কথা উঠে এলেও স্যানিটেশন ও হেলথ ডিপার্টমেন্ট পৃথকভাবে বিষয়গুলো তদন্ত করছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বাংলাদেশি প্রবাসী বলে গুজব ছড়ানো হলেও তদন্তে নিশ্চিত হওয়া গেছে যে তিনজনের কেউই বাংলাদেশি নন। তাঁদের মধ্যে একজন ভারতীয়, একজন তানজানীয় এবং একজন আইভরি কোস্টের অধিবাসী।
ঘটনার প্রেক্ষিতে ‘নিউইয়র্ক ট্যাক্সি ওয়ার্কার্স অ্যালায়েন্স’ চালকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও টানা ডিউটির কারণে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ না থাকা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে জরুরি চিকিৎসাসেবার জোর দাবি জানিয়েছে।
