ফোরটিন ডেস্ক : যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক শৃঙ্খলা রক্ষা এবং সৃজনশীল মেধা বিকাশের লক্ষ্যে কেবলমাত্র প্রেম ও রোমান্স নির্ভর সিনেমা এবং নাটক নির্মাণ ও সম্প্রচার বন্ধের দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর এই নোটিশটি পাঠান।
নোটিশে মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে বিবাদী করা হয়েছে। আইনি নোটিশে দাবি করা হয়, দেশের বর্তমান নাটক ও চলচ্চিত্র শিল্পে মাত্রাতিরিক্ত রোমান্টিক কনটেন্টের আধিক্য তৈরি হওয়ায় এক ধরনের সাংস্কৃতিক ভারসাম্যহীনতা সৃষ্টি হয়েছে। ফলে শিক্ষার্থীরা পড়াশোনা ও ক্যারিয়ারে মনোযোগ হারাচ্ছে এবং নাটকে পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিকভাবে দেখানোর কারণে সমাজে পরকীয়া ও অপরাধপ্রবণতা আশঙ্কাজনকভাবে বাড়ছে।
সংবিধানের ২১(১), ২৩ এবং ৩৯ অনুচ্ছেদের আইনি যুক্তি তুলে ধরে আইনজীবী মাহমুদুল হাসান জানান, ভাব প্রকাশের স্বাধীনতা হলেও শালীনতা ও নৈতিকতার স্বার্থে সংবিধানে যুক্তিসঙ্গত বাধানিষেধের বিধান রয়েছে। কেবল প্রেমভিত্তিক কনটেন্ট সম্প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপ করে তার পরিবর্তে দেশপ্রেমিক ও নৈতিকভাবে সমৃদ্ধ জাতি গঠনে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং প্রতিরক্ষা ভিত্তিক চলচ্চিত্র ও নাটক নির্মাণ বাধ্যতামূলক করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।
