নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদকসহ আটক দুই আসামিকে ছিনিয়ে নিতে দেশীয় রামদা, চাপাতি ও চাইনিজ কুড়াল নিয়ে সশস্ত্র তাণ্ডব চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে ফাঁড়িতে দায়িত্বরত দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন— সহকারী ট্রাফিক সার্জেন্ট নুরুল হক ও কনস্টেবল আশিকুর রহমান। তাঁদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জয়দেবপুর জংশন স্টেশন এলাকায় মাদক বিক্রির সময় ৫৮ পিস ইয়াবা ও নগদ ১১ হাজার টাকাসহ শিমলা (২২) ও আনিস (১৮) নামের দুই মাদক কারবারিকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসে পুলিশ। এর কিছুক্ষণ পরই রামদা, চাইনিজ কুড়াল, হাসুয়া ও লোহার রড নিয়ে ১০ থেকে ১২ জনের একদল সশস্ত্র নারী-পুরুষ ও যুবকের দল পুলিশ ফাঁড়ি ঘেরাও করে।
হামলাকারীরা ফাঁড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং ধারালো দা ও চাপাতি দিয়ে দরজা-জানালায় কোপাতে থাকে। একপর্যায়ে ভেতরে ঢুকে থাকা দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় এবং ফাঁড়িসহ আশপাশের স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাধা দিতে গেলে রামদার আঘাতে ও হামলায় দুই পুলিশ সদস্য গুরুতর আহত হন। পরবর্তীতে আশপাশের লোকজন ও পথচারীরা এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওচিত্রে দেখা যায়, রামদা, চাপাতি ও ছুরিসহ দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত একদল যুবক ফাঁড়ির চারপাশ ঘেরাও করে আতঙ্ক তৈরি করছে এবং ভাঙচুর চালাচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ জানান, হাতেনাতে ইয়াবাসহ দুজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে আসার পরপরই অস্ত্রধারী সন্ত্রাসীরা আমাদের ওপর অতর্কিত আক্রমণ করে। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমাদের দুজন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তার এবং এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
