যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি ও কেনাকাটায় সিন্ডিকেটসহ বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াসহ চারজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বুধবার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের লক্ষ্যে দুদক ইতোমধ্যে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করেছে। দুদকের উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে এই টিমকে যাবতীয় বিষয় অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে। সংস্থাটির একটি সূত্র জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে দুর্নীতির একটি প্রাথমিক অভিযোগ জমা হওয়ার পর সেটি যাচাই-বাছাই শেষে অনুসন্ধানের আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর ৮ আগস্ট গঠিত অধ্যাপক মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেন আসিফ মাহমুদ। শুরুতে তিনি শ্রম এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকলেও পরবর্তীকালে তাঁকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। ২০২৫ সালের ডিসেম্বরে উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে তিনি জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দেন এবং বর্তমানে দলটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন।
