কক্সবাজারে আদালত প্রাঙ্গণে জেলা জজ পদমর্যাদার এক বিচারককে প্রকাশ্য অস্ত্র দেখিয়ে ভয় দেখানোর এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কক্সবাজারের একজন সিনিয়র বিচারক বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩০ নভেম্বর আদালত প্রাঙ্গণে এক যুবক বিচারককে লক্ষ্য করে পিস্তল উঁচিয়ে ভয় দেখায়।
ঘটনাটি ঘটার পরই অন্যান্য বিচারকগণ সিসিটিভি (CCTV) ফুটেজ পর্যালোচনা করে তৎকালীন কক্সবাজার সদর থানার ওসি ছমিউদ্দীনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান। একই সাথে বিষয়টি জেলা পুলিশ সুপারকেও অবহিত করা হয়েছিল। তবে বিচারকদের সুরক্ষায় পুলিশ কোনো কার্যকর ভূমিকা নেয়নি বলে অভিযোগ ওঠে।
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নিরাপত্তার শঙ্কায় গত জানুয়ারি মাসে জেলা জজ পদমর্যাদার একাধিক বিচারক কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমানের কাছে সরকারি গানম্যান চেয়ে আনুষ্ঠানিক চিঠি পাঠান। তবে সেই আবেদনের পরও কোনো গানম্যান দেওয়া হয়নি, এমনকি চিঠির কোনো উত্তরও মেলেনি।
নিরাপত্তার এই চরম শিথিলতার মধ্যেই গত ২৪ মে দিনদুপুরে আদালত চত্বরেই ঘটে যায় এক ভয়াবহ গোলাগুলির ঘটনা, যাতে ২ জন গুলিবিদ্ধসহ একাধিক ব্যক্তি গুরুতর আহত হন।
এ বিষয়ে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. আবদুল মন্নান গভীর উদ্বেগ প্রকাশ করে জানান, স্বাধীনতার পর কক্সবাজারে এমন ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর দেখা যায়নি। তিনি আরও জানান, উখিয়া ও টেকনাফের বিভিন্ন অঞ্চলে সন্ধ্যার পর অপরাধীদের দাপটে থমথমে অবস্থা তৈরি হয়। আদালত চত্বরে এই ধরণের গোলাগুলি ও বিচারককে সরাসরি অস্ত্র প্রদর্শনের ঘটনায় বিচারক, আইনজীবী ও সাধারণ মানুষের চরম নিরাপত্তার অভাব ও আতঙ্ক বিরাজ করছে।
