দীর্ঘ বিরতির পর ভক্ত-শ্রোতাদের নতুন মৌলিক গান উপহার দিলেন সংগীতশিল্পী নাজু আখন্দ। তাঁর নতুন গানের শিরোনাম ‘যত্নের তানপুরা’।
‘যত্নের তানপুরাটা ভেঙে ফেলেছি, আমি আর গান গাইবো না’ এমন হাহাকার মেশানো কথায় সাজানো হয়েছে মেলোডি ধাঁচের গানটি।
গানটির কথা লিখেছেন রাজু চৌধুরী, সুর করেছেন এহসান রাহী। মিউজিক প্রোগ্রামিং ও অ্যারেঞ্জমেন্ট করেছেন সবুজ আশীষ। মিক্স-মাস্টারিংয়ে ছিলেন আমজাদ হোসেন বাপ্পী। ঢাকায় গানটি তৈরি হলেও নিউইয়র্কের পিংক ভয়েস স্টুডিওতে এর ভয়েস দেন নাজু আখন্দ।
গানটির ভিডিও নির্মাণ করেছেন আল মাসুদ। বিভিন্ন মনোরম লোকেশনে ধারণ করা ভিডিওতে মডেল হয়েছেন তানহা।
নাজু আখন্দ বলেন, ‘অনেক দিন পর মৌলিক গান নিয়ে এলাম। আমি যে গানগুলোই করেছি, খুব যত্ন নিয়ে করেছি। এটিও তাই। খুব আবেগ দিয়ে গাওয়ার চেষ্টা করেছি।’
ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘যত্নের তানপুরা’।
উল্লেখ্য, ২০০০ সালে ‘কাঁচা হলুদের রং’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে পরিচিতি পান নাজু। ২০০১ সালে আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে ‘মায়ের সম্মান’ সিনেমার মাধ্যমে প্লেব্যাকে অভিষেক হয় তাঁর। দুই দশকের বেশি সময়ের ক্যারিয়ারে প্রায় ২৫০টি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন এই শিল্পী।
