ফোরটিন ডেস্ক : প্রেম ও রোমান্সনির্ভর নাটক এবং সিনেমা নির্মাণ বন্ধে সরকারকে আইনি নোটিশ দেওয়া সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন নিজেই রোমান্টিক সিনেমার ভক্ত। সম্প্রতি সুপ্রিম কোর্টের এই আইনজীবী প্রেমকেন্দ্রিক কনটেন্ট যুবসমাজের নৈতিক অবক্ষয় ঘটাচ্ছে দাবি করে আইনি নোটিশ পাঠালে তাঁর আগের কিছু ফেসবুক পোস্ট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় শুরু হয়।
তাঁর ফেসবুক পেজ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৫ আগস্ট ভারতীয় রোমান্টিক ড্রামা মুভি ‘রাধে শ্যাম’ দেখার অভিজ্ঞতা প্রকাশ করে পোস্ট দেন এই আইনজীবী। এর কিছুদিন আগে একই বছরের ৯ মে হলিউডের বিখ্যাত রোমান্টিক ফ্যান্টাসি সিনেমা ‘স্টারডাস্ট’ দেখার কথাও ফেসবুকে নিজেই লিখেছিলেন তিনি। একদিকে রোমান্টিক চলচ্চিত্রের নিয়মিত দর্শক হয়ে অন্যদিকে একই ধরনের সিনেমা ও নাটক নির্মাণ বন্ধে সোচ্চার হওয়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে।
এর আগে বৃহস্পতিবার (২৭ আগস্ট, ২০২৬) মন্ত্রিপরিষদ সচিব ও চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের বরাবর এই নোটিশ পাঠান অ্যাডভোকেট মামুন। সংবিধানের ২১(১), ২৩ ও ৩৯ অনুচ্ছেদের রেফারেন্স দিয়ে তিনি জানান, প্রেম ও পরকীয়া নির্ভর গল্পের কারণে তরুণ সমাজ পথভ্রষ্ট হচ্ছে। নোটিশ পাওয়ার ১০ দিনের মধ্যে রোমান্টিক নাটকের বদলে বিজ্ঞান, ইতিহাস ও মুক্তিযুদ্ধভিত্তিক নির্মাণ বাধ্যবাধকতায় কড়াকড়ি না আনলে হাইকোর্টে সংবিধানের ১০২ অনুচ্ছেদ অনুযায়ী রিট করার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
