যুক্তরাষ্ট্রের বুকে বাংলা সিনেমার প্রচার ও প্রসারে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এর জমকালো প্রথম আসর।
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের বিশেষ আয়োজনে ঢালিউড অভিনেতা জায়েদ খান অভিনীত বহুল আলোচিত দুটি চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ এবং ‘ঈদ মোবারক’ প্রদর্শিত হবে আগামী ১ আগস্ট সন্ধ্যা ৬টায়। প্রদর্শনী অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কের আরটিভি অফিসের আরটিভি থিয়েটারে।
আয়োজকরা জানিয়েছেন, প্রবাসে বাংলা চলচ্চিত্রের প্রসার এবং আন্তর্জাতিক দর্শকদের সামনে সমসাময়িক বাংলাদেশি সিনেমাকে তুলে ধরার লক্ষ্যেই এই বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। চলচ্চিত্রপ্রেমী, প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন দেশের দর্শকদের জন্য এটি হবে বাংলা সিনেমা উপভোগের একটি ব্যতিক্রমী সুযোগ।
জায়েদ খান অভিনীত ‘আমেরিকান ড্রিম’ প্রবাস জীবনের নানা বাস্তবতা, সংগ্রাম ও স্বপ্নের গল্প তুলে ধরে। অন্যদিকে ‘ঈদ মোবারক’ পারিবারিক সম্পর্ক, আবেগ এবং উৎসবের আনন্দকে কেন্দ্র করে নির্মিত একটি চলচ্চিত্র। দুটি ভিন্নধর্মী গল্পের মাধ্যমে দর্শকরা সমসাময়িক বাংলা চলচ্চিত্রের বৈচিত্র্য উপভোগ করার সুযোগ পাবেন।
আমেরিকান বাংলাদেশি প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (এবিপিএ) সার্বিক সহযোগিতায় আয়োজিত এই উৎসবে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে সিনেমা জমা, নির্বাচন, প্রদর্শন ও পুরস্কৃত করা হবে। উৎসবের মূল ক্যাটাগরিগুলো হলো—স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালের এই বিশেষ প্রদর্শনী বাংলা চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে আরও পরিচিত করে তোলার উদ্যোগের অংশ। আয়োজকদের প্রত্যাশা, এই প্রদর্শনীর মাধ্যমে প্রবাসী দর্শকদের পাশাপাশি বিদেশি চলচ্চিত্রপ্রেমীদের মধ্যেও বাংলাদেশি সিনেমার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্য ৩দিন ব্যাপী এই প্রদর্শনীতে জায়েদ খানের ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পাশাপাশি প্রথমদিন ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ ও পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। দ্বিতীয়দিন ৩১ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইশপাইট’ ও ‘The Eternal Journey’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। তৃতীয়দিন ১ আগস্ট প্রদর্শিত হবে জায়েদ খানের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আমেরিকান ড্রিম’ ও ‘ঈদ মোবারক’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মানুষের বাগান’। আর ২ আগস্ট অনুষ্ঠিত হবে মূল আয়োজন। এতে অংশগ্রহণ করতে ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র তারকারা নিউ ইয়র্কে পাড়ি জমিয়েছেন।
