নিজস্ব প্রতিবেদন : বাংলাদেশ জামায়াতে ইসলামীকে একটি ‘ফ্যাসিস্ট দল’ হিসেবে অভিহিত করেছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। আজ সোমবার (২০ জুলাই, ২০২৬) প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের পর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এই মন্তব্য করেন। রাশেদ খাঁন অভিযোগ করেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের ব্যবহৃত একই ভাষায় বর্তমানে বিএনপি ও সরকারের বিরুদ্ধে বিষোদ্গার করছে জামায়াত ও এনসিপি।
জিয়া উদ্যানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাশেদ খাঁন বলেন, ‘জামায়াতে ইসলামীর কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হয়নি। আওয়ামী লীগ যে ভাষায় কথা বলে বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করত, বর্তমানে জামায়াত ও এনসিপির ভাষাও ঠিক একই রকম, আমি কোনো পার্থক্য লক্ষ্য করছি না। এই পাঁচ মাসে সরকার এখনো পর্যন্ত এমন কিছু করেনি যে, সরকারের বিরুদ্ধে নতুন করে গণঅভ্যুত্থানের হুমকি দেওয়া যায় বা রাজপথে একের পর এক অকথ্য ভাষায় গালিগালাজ করা যায়।’ তিনি বিরোধী দলগুলোকে উগ্রপন্থা পরিহার করে একটি গঠনমূলক বিরোধী দল হওয়ার চেষ্টা করার আহ্বান জানান।
রাশেদ খাঁন আরও বলেন, ‘আপনাদের দোয়া ও ভালোবাসায় আমাদের প্রধানমন্ত্রী ও সরকার সফলভাবে এগিয়ে যাচ্ছেন। এই পথচলাকে বাধাগ্রস্ত করতে কোনো চক্রান্তকারী মহল বর্তমানের জামাতি চক্র, কাউকেই ছাড় দেওয়া হবে না। আমি জামায়াতকে ফ্যাসিস্ট দলই বলতে চাই। কারণ তাদের আচরণে গণতন্ত্রের ন্যূনতম প্রকাশ নেই। বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর প্রতিটি পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চলছে এবং অনেক মন্ত্রীকে বিতর্কিত করারও চক্রান্ত করা হচ্ছে।’
বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন রাশেদ খাঁন। তিনি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় নির্বাসিত অবস্থায় থেকেও তারেক রহমান সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া ধারাবাহিক বক্তব্যের মাধ্যমে জাতীয়তাবাদী শক্তিকে দারুণভাবে অনুপ্রাণিত করেছিলেন। সেই ক্রান্তিকালে রাজনৈতিক সমন্বয়ের মূল নেতৃত্বও দিয়েছিলেন তিনি। জুলাই গণঅভ্যুত্থানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের ‘অনবদ্য ও ঐতিহাসিক ভূমিকা’ ছিল। নতুন রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন তারেক রহমানই জাতিকে দেখিয়েছেন।
বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রীর নবনিযুক্ত এই রাজনৈতিক সহকারী বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকতেই পারে, তবে দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। দুঃখজনকভাবে, কিছু নতুন রাজনৈতিক দল ও শক্তি প্রধানমন্ত্রীর রাষ্ট্র পুনর্গঠনের এই ঐতিহাসিক উদ্যোগকে ব্যাহত করার জন্য নানা ধরনের চক্রান্তে লিপ্ত রয়েছে। তবে সরকারের অগ্রযাত্রাকে কোনো চক্রান্তকারী মহলই রুখতে পারবে না বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
