যুক্তরাষ্ট্রের বুকে বাংলা সিনেমার প্রচার ও প্রসারে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে বসতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’-এর জমকালো প্রথম আসর। এই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের গুডউইল অ্যাম্বাসেডর নির্বাচিত হয়েছেন ঢাকাই চলচ্চিত্রের প্রযোজক আরশাদ আদনান। আমেরিকান বাংলাদেশি প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (এবিপিএ) সার্বিক সহযোগিতায় আয়োজিত এই উৎসবে আন্তর্জাতিক নিয়মকানুন মেনে সিনেমা জমা, নির্বাচন, প্রদর্শন ও পুরস্কৃত করা হবে। উৎসবের মূল ক্যাটাগরিগুলো হলো—স্বল্পদৈর্ঘ্য, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
সংস্কৃতিপ্রেমী আরশাদ আদনানের সাংস্কৃতিক অঙ্গনে পথচলা শুরু হয়েছিল কবিতার হাত ধরে। পরবর্তীতে নাটক প্রযোজনা, অভিনয় এবং চলচ্চিত্র প্রযোজক হিসেবে তিনি দারুণ সাফল্য পান। তার প্রযোজনা প্রতিষ্ঠান ‘ভার্সেটাইল মিডিয়া’র ব্যানারে নির্মিত ‘ইউটার্ন’ ও ‘সুলতানা বিবিয়ানা’ প্রশংসিত হয়। এরপর ২০২৩ সালে আরশাদ আদনানের প্রযোজনায় ও হিমেল আশরাফের পরিচালনায় নির্মিত ‘প্রিয়তমা’ সিনেমাটি ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে নতুন রেকর্ড গড়ে। শাকিব খান ও কলকাতার ইধিকা পাল অভিনীত এই সিনেমার ‘ও প্রিয়তমা’ এবং ‘ঈশ্বর’ গান দুটি বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করে।
‘প্রিয়তমা’র আকাশচুম্বী সাফল্যের পর এই প্রযোজক-পরিচালক জুটির পরবর্তী সিনেমা ‘রাজকুমার’ও বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলে। উল্লেখ্য নিউ ইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আরশাদ আদনানের চলচ্চিত্র প্রিয়তমা ৬টি বিভাগে এবং রাজকুমার ১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন।
