নিজস্ব প্রতিবেদন : বিশ্বের অন্যতম প্রভাবশালী ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ‘ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন’ (এফবিআই) দেশজুড়ে সন্ত্রাসবাদ দমন, মানবপাচার প্রতিরোধ এবং সহিংস অপরাধ মোকাবিলায় নতুন জনবল নিয়োগের ঘোষণা দিয়েছে। সংস্থাটির এই মেগা নিয়োগ কার্যক্রমে যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত পূরণ সাপেক্ষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের জন্যও ক্যারিয়ার গড়ার এক সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে।
এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, তাদের মূল কার্যক্রম জাতীয় পর্যায়ের হলেও এর প্রত্যক্ষ প্রভাব পড়ে স্থানীয় ও তৃণমূল পর্যায়ে। বর্তমানে ওহাইওসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ সন্ত্রাসবাদ তদন্ত, মানবপাচার প্রতিরোধ এবং সহিংস অপরাধীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করছে তারা। সংস্থাটির ভাষ্য অনুযায়ী, দেশজুড়ে এই আইনশৃঙ্খলা ও তদন্ত কার্যক্রম আরও জোরদার করতে দক্ষ, যোগ্য ও দায়িত্বশীল নতুন সদস্যের অন্তর্ভুক্তি জরুরি। আর সে কারণেই আগ্রহীদের এফবিআইয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদন করার আহ্বান জানানো হয়েছে।
তবে এফবিআইয়ের এই মর্যাদাপূর্ণ পদে আবেদন করার ক্ষেত্রে কিছু কঠোর শর্তারোপ করা হয়েছে। আবেদনকারীদের অবশ্যই জন্মসূত্রে বা আইনগতভাবে মার্কিন নাগরিক হতে হবে। এর পাশাপাশি পদভেদে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা, উচ্চমানের শারীরিক সক্ষমতা, কঠোর নিরাপত্তা যাচাই (ব্যাকগ্রাউন্ড চেক) ও অন্যান্য সব শর্ত পূরণ করতে হবে। এই নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও চূড়ান্ত আবেদন প্রক্রিয়া ইতিমধ্যেই তাদের অফিসিয়াল ওয়েবসাইট FBIJobs.gov-এ প্রকাশ করা হয়েছে।
এফবিআইয়ের এই বিশেষ নিয়োগে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিকদের অংশ নেওয়ার ব্যাপক সুযোগ রয়েছে। এর আগেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ফেডারেল সংস্থা, মার্কিন সেনাবাহিনী, পুলিশ ও অন্যান্য সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে বাংলাদেশি বংশোদ্ভূত প্রবাসীদের সফলভাবে ও সুনামের সাথে দায়িত্ব পালনের নজির রয়েছে। ফলে উপযুক্ত যোগ্যতা ও মার্কিন নাগরিকত্ব থাকলে এফবিআইয়ের মতো বিশ্বখ্যাত গোয়েন্দা সংস্থায় কাজ করার সুযোগ এখন তাদের জন্য সম্পূর্ণ উন্মুক্ত। এফবিআই জানিয়েছে, সন্ত্রাসবাদ প্রতিরোধ, মানবপাচার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন বৈচিত্র্যময় পেশাগত দক্ষতার মানুষের অংশগ্রহণই তাদের ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করবে।
