নিজস্ব প্রতিবেদক:চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় বন্যাদুর্গত মানুষের জন্য ত্রাণ বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ত্রাণ নিয়ে যাওয়া ছাত্রলীগের অভিযোগ, স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা তাদের ত্রাণ বিতরণে বাধা দেন।
জানা গেছে, চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের উদ্যোগে প্রায় ২০০ প্যাকেট ত্রাণসামগ্রী নিয়ে সাতকানিয়ার বন্যাকবলিত এলাকায় যান সংগঠনটির নেতাকর্মীরা। তাদের দাবি, দুর্গত এলাকার কাছে পৌঁছালে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দেন এবং একপর্যায়ে তাদের পুলিশে দেওয়ার চেষ্টা করেন।
এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় গ্রামবাসী ঘটনাস্থলে জড়ো হন। ত্রাণ নিয়ে যাওয়া দলের দাবি, গ্রামবাসীর উপস্থিতির পর পরিস্থিতি শান্ত হয় এবং পরে পুলিশ ও স্থানীয়দের উপস্থিতিতে ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়।
মহসিন কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ আরমাণ চৌধুরী দাবি করেন, বিতরণ করা ত্রাণসামগ্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে দেওয়া হয়েছে।
