জবি প্রতিনিধি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড রিসার্চ (আইইআর) বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোরশেদ আলম যুক্তরাষ্ট্রের বিখ্যাত University of Connecticut-এ শিক্ষা (Education) বিষয়ে ফুল ফান্ডেড পিএইচডি ও গ্র্যাজুয়েট রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ (GRA) পেয়েছেন। সফলভাবে উচ্চশিক্ষার আবেদন সম্পন্ন করার পর সম্প্রতি তিনি সপরিবারে যুক্তরাষ্ট্রের ভিসাও লাভ করেছেন। উল্লেখ্য, মোরশেদ আলম বাংলাদেশে গবেষণামূলক প্ল্যাটফর্ম Research Help Bangladesh-এর প্রতিষ্ঠাতা।
মোরশেদ আলম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে শিক্ষা, গবেষণা ও একাডেমিক উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সক্রিয়ভাবে সম্পৃক্ত ছিলেন। শিক্ষাজীবনের শুরু থেকেই গবেষণার প্রতি গভীর আগ্রহ তাকে দেশ-বিদেশের বিভিন্ন গবেষণা কার্যক্রমে অংশগ্রহণে অনুপ্রাণিত করে। তার প্রতিষ্ঠিত ‘রিসার্চ হেল্প বাংলাদেশ’ প্ল্যাটফর্মের মাধ্যমে দেশের শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণার বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করা হয়ে থাকে।
নিজের এই অর্জন সম্পর্কে মোরশেদ আলম বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অর্জিত শিক্ষা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং পরিবারের নিরন্তর সমর্থনই আমাকে এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছে। আমি বিশ্বাস করি, বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্র আরও উন্মুক্ত হচ্ছে। সঠিক পরিকল্পনা, অধ্যবসায় এবং প্রস্তুতি থাকলে বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ে সুযোগ পাওয়া সম্ভব।”
তিনি আরও বলেন, “পিএইচডি গবেষণার মাধ্যমে শিক্ষা ক্ষেত্রে নতুন জ্ঞান সৃষ্টির পাশাপাশি বাংলাদেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলের শিক্ষা-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে কাজ করার সুযোগ পাব বলে আশা করছি।”
আইইআরের শিক্ষক ও সহপাঠীরা মোরশেদ আলমের এই সাফল্যে আনন্দ প্রকাশ করেছেন। তারা মনে করেন, তার এই অর্জন বিভাগের বর্তমান ও ভবিষ্যৎ শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধ করবে।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আন্তর্জাতিক উচ্চশিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধির ক্ষেত্রে মোরশেদ আলমের এই সাফল্য একটি অনুপ্রেরণাদায়ক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন। আগামী শিক্ষাবর্ষে তিনি যুক্তরাষ্ট্রে পিএইচডি অধ্যয়ন শুরু করবেন।
Comments
সংশ্লিষ্ট খবর
© প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
