নিজস্ব প্রতিনিধি
টাঙ্গাইলের মির্জাপুরে মাটি খুঁড়ে বস্তাবন্দি মা ও নবজাতকের মরদেহ উদ্ধারের ছয় দিনেও পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে এ ঘটনা অনেক ‘ডালপালা মেলে’ ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
গত সোমবার রাত ৮টার দিকে মির্জাপুর থানার পুলিশ উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনটিয়া গ্রামের লৌহজং নদীর পার থেকে মাটি খুঁড়ে মা ও নবজাতকের লাশ উদ্ধার করে। পরিচয় না পাওয়ায় তাদের বেওয়ারিশ হিসেবে মির্জাপুর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে।
এ ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ব্যক্তির অ্যাকাউন্ট, পেজ ও গ্রুপে পোস্ট নিয়ে তৈরি হয়েছে আলোড়ন। এসব পোস্টে দাবি করা হয়, টাঙ্গাইলের ওই গর্ভবতী নারীকে ধর্ষণের পর পেটের বাচ্চাসহ হত্যা করে লাশ বস্তাবন্দি করে পুঁতে রাখা হয়েছিল। কিছু পোস্টে বলা হয়, ধর্ষণের এক পর্যায়ে গর্ভপাতে শিশু ভূমিষ্ঠ হলে তাকেসহ মাকে খুন করা হয়।
হত্যার বিষয়টিকে এড়িয়ে গিয়ে ফেসবুকে ছড়িয়ে পড়া কেবল ‘ধর্ষণ’-এর তথ্যটিকে ‘বিভ্রান্তিমূলক, বীভৎস ও মনগড়া অপপ্রচার’ বলে দাবি করেছে মির্জাপুর থানা পুলিশ।
থানার ওসি আব্দুল্লাহ আল মামুন কালের কণ্ঠকে বলেন, ‘নারী ও নবজাতকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার সংক্রান্ত মর্মান্তিক বিষয়ে বিভ্রান্তিমূলক, বীভৎস ও মনগড়া অপপ্রচার চালানো হয়েছে। বিষয়টি মির্জাপুর থানা পুলিশের নজরে এসেছে।’
ওসি বলেন, ‘এ বিষয়ে মির্জাপুর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে। ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে নিরলসভাবে পুলিশ কাজ করে যাচ্ছে।
ভিকটিমের পরিচয় জানার জন্য দেশের সব থানায় বার্তা পাঠানো হয়েছে।’
ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের আগে কোনো ধরনের ‘অপপ্রচারে’ বিভ্রান্ত না হওয়ার জন্যও অনুরোধ করেন ওসি আব্দুল্লাহ আল মামুন।
স্থানীয়রা জানান, গত সোমবার সন্ধ্যা ৬টার দিকে তারা ওই এলাকায় দুর্গন্ধ পান। পরে পুলিশে খবর দিলে তারা এসে মাটি খুঁড়ে নারী ও নবজাতকের লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার উপপরিদর্শক মামলার তদন্ত কর্মকর্তা জাবেদ পারভেজ কালের কণ্ঠকে বলেন, ‘মাটি খুঁড়ে ওই নারীকে বের করে আনার সময় তার সঙ্গে এক নবজাতকের লাশ পাওয়া যায়।
ধারণা করা হচ্ছে, ওই নারী প্রায় সাত মাসের গর্ভবতী ছিলেন। তার মৃত্যুর সময় নবজাতক প্রসব হয়।’
পুলিশ বলছে, তাদের ময়নাতদন্তের রিপোর্ট এখন পর্যন্ত আসেনি। রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা সম্ভব না। ওই নারীকে ধর্ষণ করা হয়েছিল কি না সে ব্যাপারেও কিছু বলা যাচ্ছে না।
