নিজস্ব প্রতিনিধি
নির্বাচনের আগে সরকারি সুযোগ-সুবিধা না নেওয়ার প্রতিশ্রুতি দিলেও সংসদ সদস্য হওয়ার পর সরকারি গাড়ির দাবি তুলে সমালোচনার মুখে পড়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জাতীয় নাগরিক পার্টির এই নেতা নিজেই সংসদে দাঁড়িয়ে বলেন, অনেকেই লজ্বায় বলতে পারেন না এমপিদের সরকারি গাড়ি দরকার।
বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, ট্যাক্স ফ্রি গাড়ি বা প্লট সুবিধা তারা নেবেন না। তবে অন্যান্য সরকারি কর্মকর্তাদের মতো সংসদ সদস্যদের জন্যও সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের সুযোগ থাকা উচিত।
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনে তিনি বলেন, “জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা বা জনপ্রতিনিধিরা যেভাবে সরকারি কাজে গাড়ি পান, একইভাবে সংসদ সদস্যদেরও একটি গাড়ির ব্যবস্থা করে দেন।”
তিনি আরও উল্লেখ করেন, বর্তমানে সংসদ সদস্যদের জন্য গাড়ি রক্ষণাবেক্ষণে মাসে ৭০ হাজার টাকা বরাদ্দ থাকলেও তার নিজের কোনো গাড়ি নেই।
তবে তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই দাবি করছেন, নির্বাচনের আগে তিনি ও তার দল জাতীয়নাগরিক পার্টি সরকারি সুবিধা গ্রহণ না করার কথা বললেও এখন সেই অবস্থান থেকে সরে এসেছেন।
সমালোচকদের মতে, সরকারি মালিকানাধীন গাড়ি ব্যবহারের দাবি মূলত পূর্বের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক এবং এটি ভোটারদের সঙ্গে করা প্রতিশ্রুতির ব্যত্যয়। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে ‘সাধারণ জীবনযাপন’ ও ‘সুবিধা বর্জনের’ যে বার্তা দেওয়া হয়েছিল, তার সঙ্গে এই দাবির মিল খুঁজে পাচ্ছেন না অনেকে।
অন্যদিকে সমর্থকরা বলছেন, ট্যাক্স ফ্রি ব্যক্তিগত গাড়ি না নিয়ে কেবল সরকারি কাজের সুবিধার্থে একটি অফিসিয়াল গাড়ি ব্যবহারের প্রস্তাব দিয়েছেন তিনি।
এ বিষয়ে সরকার এখনও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানায়নি। তবে বিষয়টি রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
