মো. আসাদুল আলম, জাবি প্রতিনিধি: চট্টগ্রাম সরকারি সিটি কলেজে ‘গুপ্ত লেখা’কে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার ঘটনায় ইসলামী ছাত্রশিবিরকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার রাতে এক প্রতিবাদ সভার মাধ্যমে সংগঠনটির নেতারা এই হুঁশিয়ারি দেন।
জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, “৫ আগস্ট-পরবর্তী সময়ে এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতীয়তাবাদী ছাত্রদল একটি দায়িত্বশীল রাজনৈতিক সংগঠন হিসেবে নিজেদের তুলে ধরেছে। দেশের কোনো ক্যাম্পাসে আমাদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কিন্তু ইসলামী ছাত্রশিবির আমাদের এই ধৈর্য ও সহনশীলতাকে দুর্বলতা হিসেবে বিবেচনা করছে বলে আমরা মনে করি।”
তিনি আরও অভিযোগ করেন, এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম সিটি কলেজে সাধারণ শিক্ষার্থী ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে। জহির উদ্দিন বাবর স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ছাত্রশিবির যদি তাদের তথাকথিত ‘গুপ্ত ও সন্ত্রাসী’ রাজনীতি পরিহার করে স্বাভাবিক ধারায় ফিরে না আসে, তবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রদল কঠোর বার্তা দিতে বাধ্য হবে।
সমাবেশে ছাত্রদলের এই নেতা আরও বলেন, “আমরা বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীবান্ধব হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। যদি এই লক্ষ্য ব্যাহত হয়, তবে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদল দুর্বার আন্দোলন গড়ে তুলবে এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে।”
এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার রাত ৯টা ৩০ মিনিটে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের রফিক-জব্বার চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ সালাম-বরকত হলের সামনে গিয়ে শেষ হয়।
