নিজস্ব প্রতিনিধি
দেশের চলমান বহুমাত্রিক সংকট নিরসন এবং জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যাপক কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। বুধবার (১৫ এপ্রিল) সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সংসদের পক্ষে সভাপতি সাদ্দাম হোসেন সাধারণ সম্পাদক শেখ এনান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই কর্মসূচির কথা জানানো হয়
আগামী ১৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত টানা ১৫ দিন সারাদেশে একযোগে লিফলেট বিতরণ, দেয়াল লিখন এবং সমন্বিত অনলাইন ক্যাম্পেইন কর্মসূচি পালন করবে সংগঠনটি।
ছাত্রলীগের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশ বর্তমানে তরুণদের কর্মসংস্থানহীনতা, শিক্ষাব্যবস্থার স্থবিরতা, জ্বালানি ও গ্যাস সংকট এবং অসহনীয় দ্রব্যমূল্যের মতো তীব্র সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে লাগামহীন মূল্যস্ফীতি এবং শিশুদের টিকাদানে ঘাটতি ও হামের বিস্তারের মতো জনস্বাস্থ্য ঝুঁকি সাধারণ মানুষের জীবনকে বিপর্যস্ত করে তুলেছে।
বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক দমন-পীড়ন এবং নাগরিক অধিকার হরণ করে রাষ্ট্র পরিচালনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের ওপর সংকটের বোঝা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে জনমত গড়ে তুলতেই এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, উপজেলাসহ তৃণমূল পর্যায়ের (ইউনিয়ন ও ওয়ার্ড) সকল সাংগঠনিক ইউনিটকে এই কর্মসূচি সফল করার জন্য কঠোর নির্দেশনা দিয়েছে। কেন্দ্রীয় নেতৃবৃন্দ নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত ইউনিটগুলোতে এই কার্যক্রমের সার্বিক মনিটরিং করবেন।
ছাত্রলীগ নেতাদের দাবি, এই ১৫ দিনের কর্মসূচির মাধ্যমে জনগণের ন্যায্য দাবিগুলো ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে এবং একটি জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করা হবে।
সংবাদ বিজ্ঞপ্তির শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানের মাধ্যমে দেশের সকল স্তরের নেতাকর্মীকে রাজপথে ও অনলাইনে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়েছে।
