নিজস্ব প্রতিনিধি : বরিশালের বানারীপাড়ায় দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে নাছির উদ্দিন মিলন নামে এক পল্লী চিকিৎসককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে স্থানীয় শ্রমিকদল নেতা জিয়া সরদারের বিরুদ্ধে।
গত রোববার রাত ৮টার দিকে উপজেলার বিশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ‘নাহার মেডিকেল হল’-এ এই বর্বরোচিত হামলার ঘটনা ঘটে। বর্তমানে ওই চিকিৎসক গুরুতর আহত অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, বিশারকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি জিয়া সরদার ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে নাছির উদ্দিন মিলনের কাছে চাঁদা দাবি করে আসছিলেন।
ভুক্তভোগী চিকিৎসকের দাবি, গত দুই বছরে বিভিন্ন সময়ে ভয়ভীতি দেখিয়ে তাঁর কাছ থেকে ৫০০ থেকে শুরু করে ১০ হাজার টাকা পর্যন্ত একাধিকবার চাঁদা আদায় করা হয়েছে।
সর্বশেষ গত রোববার সন্ধ্যায় জিয়া সরদার তাঁর কাছে ৫০ হাজার টাকা দাবি করেন। এই বিপুল পরিমাণ টাকা দিতে অস্বীকৃতি জানালে জিয়া ও তাঁর দলবল মিলনের ওপর চড়াও হয় এবং তাঁকে বেধড়ক মারধর করে। হামলার সময় দোকানের ক্যাশ থেকে নগদ অর্থ ছিনিয়ে নেওয়ার অভিযোগও তুলেছেন ভুক্তভোগী।
আহত চিকিৎসককে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাঁকে বরিশালে পাঠান। এ বিষয়ে অভিযুক্ত জিয়া সরদার চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, ভুল চিকিৎসার ক্ষতিপূরণ চাওয়ায় তাঁর বিরুদ্ধে এই ‘মিথ্যা’ অভিযোগ আনা হয়েছে।
তবে বিশারকান্দি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ওয়াসিম সাজ্জাদ ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত করেছেন। বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহ আলম জানান, বিষয়টি দলীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে এবং আহত ব্যক্তিকে সুচিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। এই ন্যাক্কারজনক হামলার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। স্থানীয়রা অবিলম্বে অভিযুক্তদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
