নিজস্ব প্রতিনিধি
জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু-কে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি করা হয়েছে বলে দাবি করেছেন তার আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ যুক্তিতর্ক উপস্থাপনের সময় তিনি এ দাবি করেন। কুষ্টিয়ায় চব্বিশের গণ-অভ্যুত্থানের সময় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় এদিন ছিল চতুর্থ দিনের শুনানি। ট্রাইব্যুনালের কাঠগড়ায় এ সময় একমাত্র আসামি ছিলেন ইনু।
শুনানির শুরুতে ২০২৪ সালের ২৭ জুলাই একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া ইনুর ভিডিও সাক্ষাৎকার প্রদর্শন করা হয়। পরে যুক্তিতর্কে মুনসুরুল হক চৌধুরী বলেন, ওই সাক্ষাৎকারে ইনু কোনো বিদ্বেষমূলক বক্তব্য দেননি, এমনকি কোনো পক্ষকে অন্ধ সমর্থনও করেননি। বরং বিভিন্ন পক্ষের ব্যর্থতা ও সীমাবদ্ধতা তুলে ধরেছেন।
তিনি বলেন, এটা কোনোভাবেই অপরাধ হতে পারে না। বরং কোটাবিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছিলেন ইনু, যা ভিডিওতেই স্পষ্ট।
আইনজীবীর দাবি, ইনুর বিরুদ্ধে প্রসিকিউশন ‘কমান্ড রেসপনসিবিলিটি’ বা নির্দেশের দায় আরোপ করেছে, অথচ এ ধরনের অভিযোগ প্রমাণে প্রয়োজনীয় কোনো উপাদান উপস্থাপন করতে পারেনি। শুধু জামায়াত-শিবিরের বিরোধিতা করার কারণেই তাকে এ মামলায় আসামি করা হয়েছে, বলেন তিনি।
উল্লেখ্য, এ মামলায় হাসানুল হক ইনু-র বিরুদ্ধে ছয়জনকে হত্যাসহ উস্কানি, ষড়যন্ত্র, আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে সমর্থন এবং নিপীড়নমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মোট আটটি অভিযোগ আনা হয়েছে।
মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হবে বলে ট্রাইব্যুনাল সূত্র জানিয়েছে।
