নিজস্ব প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে শহিদ ওসমান হাদিকে ‘জঙ্গি’ আখ্যা দেওয়া, আলেম সমাজকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য এবং তরুণীদের বিভ্রান্ত করার অভিযোগে নীলা ইস্রাফিলের বিরুদ্ধে এনসিপি ও রাষ্ট্রসংলাপ ফোরামের নেত্রী তাহরিমা জান্নাত সুরভি শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
রোববার নবগঠিত রাষ্ট্রসংলাপ ফোরাম এর মুখপাত্র তাহরিমা জান্নাত সুরভী বাদী হয়ে এই অভিযোগটি দায়ের করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গত শুক্রবার (৩ এপ্রিল) সকালে বাদী শাহবাগ মোড়ে অবস্থানকালে দেখতে পান যে, বিবাদী নীলা ইস্রাফিল তার ফেসবুক আইডি থেকে শহিদ ওসমান হাদিকে ‘জঙ্গি’ সম্বোধন করে একটি পোস্ট দিয়েছেন। এছাড়া তিনি দেশের বিপ্লবী জনতা ও আলেম সমাজের সদস্যদের নিয়ে ব্যঙ্গাত্মক ও মানহানিকর বক্তব্য প্রদান করেছেন বলে অভিযোগে জানানো হয়।
অভিযোগকারী তাহরিমা জান্নাত সুরভী গণমাধ্যমকে জানান,
“একজন শহিদকে অপমান করা মানে পুরো রাষ্ট্রকে অপমান করা। বিবাদী শুধু শহিদদের অপমানই করেননি, বরং বর্তমান তরুণীদের বিপথে পরিচালিত করার জন্য অশ্লীল ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। ইসলামী মূল্যবোধের এই দেশে আলেম সমাজ ও বিপ্লবীদের নিয়ে এমন ধৃষ্টতা মেনে নেওয়া যায় না।”
অভিযোগের সপক্ষে সাক্ষী হিসেবে নাম উল্লেখ করা হয়েছে, রাষ্ট্রসংলাপ ফোরামের সদস্য সচিব আ ন ম আয়াস, সংগঠক তুহিন ফরাজী এবং মো. আব্দুর রহমান মেহেদী। লিখিত অভিযোগের সঙ্গে বিবাদীর বিতর্কিত ফেসবুক পোস্টের স্ক্রিনশট ও অন্যান্য প্রমাণাদি সংযুক্ত করা হয়েছে। শাহবাগ থানা কর্তৃপক্ষ অভিযোগটি গ্রহণ করেছে।
পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং সাইবার অপরাধের সংশ্লিষ্টতা থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
রাষ্ট্রসংলাপ ফোরামের নেতৃবৃন্দ অবিলম্বে বিবাদীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন।
