নিজস্ব প্রতিনিধি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, মহান মুক্তিযুদ্ধের সময় জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেওয়ার আগে শেখ মুজিবুর রহমান-এর পক্ষে (অন বিহাফ অব) ঘোষণা দিয়েছিলেন—এ বিষয়টি অস্বীকার করার সুযোগ নেই।
রবিবার জাতীয় সংসদে “জুলাই জাতীয় সনদ” ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানের যে অভিপ্রায়, সরকার তা সম্মানের সঙ্গে বিবেচনা করতে চায়। তিনি জানান, ২০২৪ সালের “জুলাই জাতীয় সনদ” ও প্রস্তাবিত “জুলাই ঘোষণাপত্র”-এর মূল ভাবনাগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার অঙ্গীকার করা হয়েছে, যা চতুর্থ তফসিলে যুক্ত করা হবে।
তিনি আরও বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতার সঙ্গে অন্য কোনো ঘটনার তুলনা চলে না। সংবিধানের পঞ্চদশ সংশোধনীর সমালোচনা করে তিনি বলেন, ওই সংশোধনের মাধ্যমে বহু “লেজিসলেটিভ ফ্রড” বা আইনি প্রতারণা করা হয়েছে।
মন্ত্রী উল্লেখ করেন, উচ্চ আদালত ইতোমধ্যে এর কিছু অংশ অসাংবিধানিক ঘোষণা করেছে। বাকি অংশগুলো সার্বভৌম সংসদই সিদ্ধান্ত নিয়ে বাতিল বা সংশোধন করবে। বিশেষ করে সংবিধানের ৫, ৬ ও ৭ নম্বর তফসিলে থাকা ভুল ইতিহাস ও তথাকথিত স্বাধীনতার ঘোষণা সংক্রান্ত বিষয়গুলো বিলুপ্ত করার প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং সেই ক্ষমতা সংসদের মাধ্যমেই প্রয়োগ হয়।
সংবিধান সংস্কারের প্রক্রিয়া এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে একটি বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব দেন তিনি। পাশাপাশি ১০০ সদস্যবিশিষ্ট একটি উচ্চকক্ষ প্রবর্তনের কথাও জানান, যেখানে রাজনৈতিক দলগুলো আনুপাতিক হারে প্রতিনিধিত্ব করবে।
