যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের ফোর্ট মায়ার্স শহরে অত্যন্ত নৃশংসভাবে খুন হয়েছেন নীলুফার ইয়াসমিন (৪৮) নামে এক বাংলাদেশি নারী।
গত বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে নিজ কর্মস্থল ‘ডি অ্যান্ড ডি কনভিনিয়েন্স স্টোর’-এর সামনে এক কৃষ্ণাঙ্গ গৃহহীন ব্যক্তির হাতুড়ির আঘাতে প্রাণ হারান তিনি। ঘাতক রোলবার্ট জোয়াচিনকে (৪০) ঘটনার পরপরই গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্ত ও সিসিটিভি ফুটেজ অনুযায়ী, গত ৩১ মার্চ ঘাতক রোলবার্ট দোকানের এটিএম বুথ থেকে টাকা তুলতে ব্যর্থ হয়ে নীলুফারের কাছে টাকা দাবি করেন।
নীলুফার অপারগতা জানালে তখন সে চলে গেলেও বৃহস্পতিবার ভোরে ফিরে আসে প্রতিশোধ নিতে। ভোর সাড়ে ৬টার দিকে নীলুফারের গাড়ির কাঁচ ভাঙচুর শুরু করলে তিনি প্রতিবাদ করতে এগিয়ে যান। ঠিক সেই মুহূর্তেই ঘাতক হাতুড়ি দিয়ে তাঁর মাথায় উপর্যুপরি আঘাত করে।
নিহত নীলুফার ইয়াসমিন বাংলাদেশের লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী ইউনিয়নের বাসিন্দা। মাত্র তিন মাস আগে তিনি এই গ্যাস স্টেশনে ক্যাশিয়ার হিসেবে যোগ দিয়েছিলেন।
তাঁর ১৬ ও ২০ বছর বয়সী দুটি কন্যাসন্তান রয়েছে। ফোর্ট মায়ার্স ফায়ার ডিপার্টমেন্ট দ্রুত তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
গ্রেপ্তারকৃত রোলবার্ট জোয়াচিন একজন গৃহহীন এবং দীর্ঘদিনের মানসিক রোগী বলে জানা গেছে।
ফোর্ট মায়ার্স পুলিশ তাঁর বিরুদ্ধে হত্যা ও সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনে লি কাউন্টি জেলে পাঠিয়েছে। এই বর্বরোচিত হত্যাকাণ্ডে ফ্লোরিডার বাংলাদেশি কমিউনিটিতে চরম আতঙ্ক ও শোকের ছায়া নেমে এসেছে
