রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় এক ভাতের হোটেল ব্যবসায়ীর কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে কিস্তিতে চাঁদা আদায়ের অভিযোগে র্যাব-২-এর অভিযানে গ্রেপ্তার হয়েছেন এক প্রভাবশালী বিএনপি নেতা। বৃহস্পতিবার (২ এপ্রিল) মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে জাকির হোসেন নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জাকির হোসেন শেরেবাংলা নগর থানার ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক। মামলার তথ্য অনুযায়ী, আগারগাঁও এলাকায় ভাতের হোটেল চালানো ব্যবসায়ী আলমগীরকে প্রাণনাশের হুমকি দিয়ে জাকির ও তার সহযোগীরা বিভিন্ন সময়ে কিস্তিতে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা চাঁদা হাতিয়ে নেয়।
পৈশাচিকতার চরম সীমায় পৌঁছে অভিযুক্তরা প্রায়ই ওই হোটেলে এসে মাগনা খাবার খেয়ে চলে যেত। গত ৩০ মার্চ বিকেলে জাকির পুনরায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করলে আলমগীর অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে তাকে মেরে ফেলার হুমকি দিলে নিরুপায় ব্যবসায়ী সমিতি থেকে কিস্তিতে টাকা তুলে এনে দিতে বাধ্য হন।
টানা চাঁদাবাজি ও নির্যাতনে দিশেহারা হয়ে আলমগীর ও তার পরিবার নিজেদের শরীরে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করলে বিষয়টি জানাজানি হয়। পরবর্তীতে ভুক্তভোগীর মামলার ভিত্তিতে র্যাব মূল আসামিকে গ্রেপ্তার করে এবং বাকিদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
