জাবি প্রতিনিধি: নবীনগরে তেলের পাম্পে নিয়ম ভঙ্গ করে তেল সংগ্রহের প্রতিবাদ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫১ ব্যাচের এক শিক্ষার্থীর ওপর হামলা ও আগুন জ্বালিয়ে দেওয়ার হুমকির ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী থানায় মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংযুক্ত করা হয়েছে এবং বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়ার আওতায় রয়েছে। সংশ্লিষ্ট থানা ইতোমধ্যে অভিযোগ গ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার লক্ষ্যে কাজ করছে।
ঘটনা সূত্রে জানা যায়, সাভারের নবীনগরে তেল পাম্পে লাইন ভেঙে তেল নেওয়ার প্রতিবাদ করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে মারধরের পাশাপাশি তার গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘিরে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।রবিবার সন্ধ্যা ছয়টার দিকে সাভারের নবীনগর এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সৌরভ রানা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন তিনি। এ সময় এক ব্যক্তি লাইন ভেঙে জারে তেল নেওয়ার চেষ্টা করলে তিনি এর প্রতিবাদ করেন।
এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, ওই ব্যক্তি এবং পাম্পের কয়েকজন কর্মচারী একত্র হয়ে তার ওপর হামলা চালায়। এলোপাতাড়ি মারধরের পাশাপাশি তার গায়ে তেল ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টাও করা হয়।
ঘটনার পর ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
একটি সাধারণ প্রতিবাদ কিন্তু তার জেরে এমন সহিংসতার অভিযোগ। জননিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলছে এই ঘটনা। দ্রুত বিচার নিশ্চিতের দাবি সংশ্লিষ্ট সবার।
