সাবেক এনসিপি নেতা নীলা ইসরাফিল মঙ্গলবার নিজের ফেসবুকে প্রকাশিত ভিডিও বার্তায় হান্নান মাসউদের সম্পদের উৎস নিয়ে তীব্র প্রশ্ন তোলেন। এক প্রশ্নকর্তাকে ইংরেজিতে দেওয়া মাসউদের জবাবকে তিনি ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরেন। নীলা দাবি করেন, জনগণের সামনে এই প্রশ্নের উত্তর দেওয়া মাসউদের দায়িত্ব।
ভিডিও বার্তায় নীলা ইসরাফিল বলেন, একজন প্রশ্নকর্তা যখন ২৪-এর পর হান্নান মাসউদের সম্পদের উৎস জানতে চান, তখন তিনি ইংরেজিতে বলেন, “ইজ মাই সিকিউরিটি কনসার্ন, হোয়ার আই গো, হাউ আই গো, আই অ্যাম গো।” এ বিষয়ে নীলা মন্তব্য করেন, মাসউদ নিজেকে শিক্ষক পরিচয় দিলেও প্রতি মাসে শিক্ষকতা থেকে তার আয় ৭০ থেকে ৮০ হাজার টাকার বেশি হওয়ার কথা নয়।
তিনি প্রশ্ন তোলেন, একজন যিনি একসময় বেড়ার ঘরে থাকতেন, তিনি কীভাবে হঠাৎ গুলশানের আলিশান বাড়ি, বিলাসবহুল গাড়ি এবং বিপুল সম্পদের মালিক হলেন। নীলার ভাষায়, “এই প্রশ্ন করার অধিকার জনগণের আছে, আর আপনি এটার উত্তর দিতে বাধ্য।”
নীলা আরও বলেন, হান্নান মাসউদ ঠিকমতো কথাই বলতে পারেন না, তবুও তিনি থানায় গিয়ে আসামি ছাড়িয়ে আনেন। “কোটা না মেধা—কোন অধিকারে এসব করেন”—এ প্রশ্ন জনমানসে থাকা উচিত বলেও তিনি মন্তব্য করেন।
তার মতে, জনগণের উচিত সরাসরি প্রশ্ন রাখা, কারণ যে ব্যক্তি প্রশ্নের জবাব দিতে কাচুমাচু করবে, সে-ই দুর্নীতিবাজ। তিনি বলেন, ২৪-এর পর কোনো কাজ বা উপার্জন ছাড়াই যারা বিপুল সম্পদের মালিক হয়েছেন, তাদের অর্থ কোথা থেকে এলো, কে দিল, কোন স্বার্থে দিল—এসব প্রশ্নের জবাব পাওয়া জরুরি।
তিনি যোগ করেন, “কেউ এমনি এমনি টাকা দেয় না। এর বিনিময়ে তারা কী দিয়েছে দেশের ভবিষ্যতের স্বার্থে তা নাগরিকদের জানতে হবে।”
