ইসলামী বক্তা ও বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের সাংগঠনিক সচিব গিয়াসউদ্দিন তাহেরী বলেছেন, আগামী ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে বৃহত্তর সুন্নি জোট সরকার গঠন করা সম্ভব।
রোববার (২৩ নভেম্বর) চাঁদপুর পৌরসভার ১৩ নং ওয়ার্ডে বাহের খলিশাডুলী কাদেরিয়া চিশতিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার বার্ষিক সালানা জলসায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জলসায় তিনি চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বৃহত্তর সুন্নি জোট মনোনীত প্রার্থী এএইচএম আহসান উল্লাহকে আহলে সুন্নাত ওয়াল জামাতের সমর্থিত প্রার্থী হিসেবেও ঘোষণা করেন।
গত ৩০ আগস্ট, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে, সুন্নি মতাদর্শী তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল – বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) – একত্রিত হয়ে ‘বৃহত্তর সুন্নি জোট’ নামে নতুন জোট ঘোষণা করেছে।
গিয়াসউদ্দিন তাহেরী বলেন, সুফিবাদী সংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাত অনুসারীরা কখনও কারও ওপর জুলুম করে না বা কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত করে না। তারা সবসময় ধর্মীয় সম্প্রীতিতে বিশ্বাসী। তিনি ভোটারদের সতর্ক করে বলেন, “এবার ভোটে আমাদের সিদ্ধান্ত ভুল হলে চলবে না। দেশের সুন্নি মুসলমানরা যদি এক হয়ে দাঁড়ায়, আমরা আগামীতে সরকার গঠন করবো।”
তিনি আরও জানান, বৃহত্তর সুন্নি জোট আসন্ন ত্রায়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। তিনি শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানান, দেশকে শান্তিপ্রিয় রাখার জন্য সুন্নি জোটের প্রার্থীদের বিজয়ী করুন। তিনি বলেন, প্রমাণিত হয়েছে, সুন্নিরাই এদেশে শান্তিপ্রিয়।
সমাবেশে আরও বক্তব্য দেন চাঁদপুর-৩ আসনের আহলে সুন্নাত ওয়াল জামাত সমর্থিত ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট এবং বৃহত্তর সুন্নি জোট মনোনীত প্রার্থী এএইচএম আহসান উল্লাহ, জেলা গাউছিয়া কমিটির দাওয়াতে খায়ের সম্পাদক আ ন ম সাইফুল্লাহ।
