মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খাঁন কামালের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর কিশোরগঞ্জের মিঠামইনে বিএনপির আনন্দ মিছিল থেকে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের পৈতৃক বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
সোমবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলায় বাড়ির মূল দরজা, জানালা ও আসবাবপত্র ব্যাপকভাবে ভাঙচুর করা হয়। তবে, ঘটনার সময় বাড়িতে কেউ উপস্থিত না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মিছিল থেকে হামলা পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের সময় সংঘটিত অপরাধের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে উপজেলা বিএনপি মিঠামইন বাজার থেকে একটি আনন্দ মিছিল বের করে। মিছিলে প্রায় ৬০ থেকে ৭০ জন নেতাকর্মী অংশ নেন। মিছিল চলাকালে এর কিছু কর্মী হঠাৎ সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে প্রবেশ করে। তারা প্রথমে বাড়ির মূল দরজা ভেঙে ভেতরে ঢুকে এবং এরপর জানালা, আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে।
পুলিশের পদক্ষেপ মিঠামইন থানার ডিউটি অফিসার আল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পরপরই বাড়ির আশপাশে পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
তবে, এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি।
