নিজস্ব প্রতিবেদক
বগুড়া জেলা শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ সংলগ্ন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কার্যালয়ে পেট্রোল বা দাহ্য পদার্থ ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) গভীর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।
ইতিমধ্যে অগ্নিসংযোগের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওচিত্রে দেখা যায়, তিন যুবক প্লাস্টিকের বোতল থেকে এনসিপির কার্যালয়ের দরজায় ও ভেতরে দাহ্য পদার্থ ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়, আর চতুর্থ একজন পুরো বিষয়টি মুঠোফোনে ভিডিও রেকর্ড করে সেখান থেকে দ্রুত সরে পড়ে।
জেলা এনসিপির সদস্যসচিব সুলতান মাহমুদ অভিযোগ করে বলেন, রাতের অন্ধকারে অত্যন্ত ন্যাক্কারজনকভাবে এনসিপির অফিসে পেট্রোল দিয়ে আগুন ধরানো হয়েছে। সকালে অফিসে এসে আমরা ধ্বংসস্তূপ দেখতে পেয়ে থানা পুলিশ ও প্রশাসনকে অবহিত করি। গণতান্ত্রিক রাজনৈতিক চর্চাকে ব্যাহত করতে পতিত সরকারের দোসর ও রাজনৈতিক প্রতিপক্ষরা পরিকল্পিতভাবে এই নাশকতা চালিয়েছে।
অগ্নিসংযোগের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বৃহস্পতিবার দুপুরে পুড়ে যাওয়া কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বগুড়া জেলা এনসিপি। এতে জেলা আহ্বায়ক প্রকৌশলী এমএস এ মাহমুদ ঘটনার নিরপেক্ষ ও দ্রুত সুষ্ঠু তদন্ত করে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানান এবং দেশে রাজনৈতিক সহনশীলতার পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানান।
বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পর্যবেক্ষণ করেছে। ভিডিও ফুটেজ থেকে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে। এখনো দলটির পক্ষ থেকে সুনির্দিষ্ট লিখিত অভিযোগ জমা দেয়নি। লিখিত অভিযোগ পাওয়া মাত্রই আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
