নিজস্ব প্রতিবেদক
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকার এসেনশিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের রাবার ও প্ল্যান্ট কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ১১টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টা ১৪ মিনিটে সরকারি এই ওষুধ প্রস্তুতকারী কারখানায় আগুন লাগার এই দুর্ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টা ১৫ মিনিটে আগুন লাগার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই টঙ্গী ফায়ার স্টেশন থেকে কর্মীরা রওনা হন এবং মাত্র ১০ মিনিটের মধ্যে (১০টা ২৫ মিনিটে) ঘটনাস্থলে পৌঁছান। কারখানাটি থেকে ফায়ার স্টেশনের দূরত্ব প্রায় দুই কিলোমিটার। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রথমে তিনটি ইউনিট কাজ শুরু করলেও পরবর্তীতে উত্তরা ও আশপাশের স্টেশন থেকে আরও আটটি ইউনিটসহ মোট ১১টি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
রাষ্ট্রীয় মালিকানাধীন এই গুরুত্বপূর্ণ ওষুধ উৎপাদনকারী কারখানায় অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা জোর তৎপরতা চালিয়ে যাচ্ছেন।
