আশরাফুল আলম খোকন তার ফেসবুক পোস্টে লিখেছেন, সরকারি বক্তব্য অনুযায়ী, জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ৩৫ জন, কিছু প্রতিবেদনে বলেছে ৩৮ জন। এরপরও কিছু প্রশ্ন সামনে আসে।
দুই দিন আগে চ্যানেল আইয়ের সংবাদে দেখলাম, ম্যানহাটনের হায়াত হোটেলে প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের জন্য একশোর মত রুম বুকিং দেওয়া হয়েছে। সফরসঙ্গী ৩৫ জন হলে, প্রায় ১০০টি রুম কেন—প্রশ্নটা তাই স্বাভাবিক।
গত বছর ড. ইউনূসের জাতিসংঘ সফরেও বলেছিলো সফরসঙ্গী মাত্র ৭ জন বলে বাহবা নিয়েছিলো। ভন্ডামির শুরু সেখান থেকেই। সরকারি ট্রাভেল বুকলেটে সফরসঙ্গীর সংখ্যা ছিল ৬২, অথচ সরকারি খরচের নথিতে মোট সংখ্যা ১০৪ জন বলে প্রথম আলো প্রতিবেদন করেছিল।
তাহলে এবারের আসল সংখ্যা কত? কোন বাহবা নেয়ার জন্য গোপন করা হচ্ছে? যেহেতু এই সরকারও ইউনুসের মত গোপন করছে, আসুন একটু বিশ্লেষণ করে নেই (সংখ্যা একটু কম-বেশি হতে পারে)।
তারেক রহমানের সাথে এইবার ২০জন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদারই আছেন—যা জাতিসংঘের সফরের ইতিহাসে রেকর্ড। তাদের একজন করে সহকারী থাকলেও সদস্য সংখ্যা দাঁড়ায় মোট ৪০ জনে।
প্রধানমন্ত্রীর ব্যাক্তিগত উইংয়ের কর্মকর্তা আছেন জানামতে ১৪ জন। প্রধানমন্ত্রীর প্রেস অনুবিভাগের কর্মকর্তাই এসেছেন ৯ জন, এর সাথে আছে পিআইডি, ডিএফপি, বিটিভি, বেতার, বাসস, ও ইউএনবির কমপক্ষে আরও ১০জন। সব মিলিয়ে হলো ৭৩ জন।
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এস এস এফের কর্মকর্তাই থাকেন কমপক্ষে ১৫ জন, এর সাথে সামরিক সচীব, পিজিআর প্রধান। এই হলো ৯০ জন। এছাড়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন লেভেলের কমপক্ষে ৩০ জন কর্মকর্তা এই অধিবেশন উপলক্ষ্যে নানা দায়িত্ব পালনে এখন নিউ ইয়র্কে সফর করছেন। এই হলো ১২০ জন।
এছাড়াও প্রধানমন্ত্রীর সফরের আগে এসএসএফ ও বিভিন্ন গোয়েন্দা বিভাগের ৭ জন অগ্রবর্তী টিম হিসাবে নিউইয়র্কে এসেছেন। সব মিলিয়ে সফরকারী ১২৭ জনের কম হবে না।
শেখ হাসিনার সময় জাতিসংঘ সফরে সফরসঙ্গীদের বিস্তারিত তালিকা প্রকাশের যে চর্চা ছিল, ইউনুস এসে গোপন করা শুরু করে। শেখ হাসিনার সফরসঙ্গী হিসেবে সেখানে শুধু ১২০-১৫০ জন ব্যবসায়ী যেতেন “সম্পূর্ণ নিজের খরচে”। যুক্তরাষ্ট্রে গিয়ে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে তারা বিদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে নানা বৈঠকে অংশ নিতেন।
এ ধরনের ব্যবসায়ী প্রতিনিধিদলকে সফরের অংশ করা হতো শুধু ‘সফরসঙ্গী’ বাড়ানোর জন্য নয়— এতে বাংলাদেশের ব্যবসা, বিনিয়োগ ও অর্থনৈতিক স্বার্থ তুলে ধরারও একটি সুযোগ তৈরী হয়।
