নিজস্ব প্রতিবেদক
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাকেন্দ্রিক শিক্ষার্থীকে (৯) অফিস কক্ষে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে সাঈদ হোসেন ওরফে নান্নু (৪২) নামের এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ভোরে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গত মঙ্গলবার রাতে ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ অক্টোবর দুপুরে মাদ্রাসায় অতিরিক্ত ক্লাস চলাকালীন সময়ে শিক্ষক সাঈদ হোসেন কৌশলে ৯ বছরের শিশুটিকে তার অফিস কক্ষে ডেকে নিয়ে যান। পরে রুমের দরজা বন্ধ করে তিনি শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। শিশুটির চিৎকারে আশপাশের কয়েকজন শিক্ষার্থী ও স্থানীয় নারী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। লোকজনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত শিক্ষক নগ্ন অবস্থায় পালিয়ে যান। এ ঘটনার পর এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
অভিযোগ রয়েছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দিতে অর্থের বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা চালান। তবে শিশুটির মা সেই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং সাহস নিয়ে থানায় উপস্থিত হয়ে মামলা দায়ের করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, ভুক্তভোগী শিশুর মায়ের অভিযোগ পাওয়ার পরপরই আইনি পদক্ষেপ নেওয়া হয়। বুধবার ভোরে অভিযুক্ত শিক্ষক সাঈদ হোসেন ওরফে নান্নুকে গ্রেপ্তার করা হয় এবং বিকেলে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।
