নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে (এনওয়াইইউ) স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের বৃত্তি পাওয়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বৃত্তি কর্মসূচির পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে মাস্টার্স করার জন্য বাংলাদেশি শিক্ষার্থীরাও আবেদন করতে পারেন।
সম্প্রতি নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর পর্যায়ের বৃত্তি নিয়ে প্রকাশিত তথ্যের ভিত্তিতে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের কিছু প্রোগ্রামে ১১ হাজার ডলার পর্যন্ত আর্থিক সহায়তার সুযোগ রয়েছে। তবে বৃত্তির পরিমাণ, যোগ্যতা ও সুযোগ-সুবিধা নির্ভর করে সংশ্লিষ্ট প্রোগ্রামের ওপর।
কোন বৃত্তিতে কত টাকা?
নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের স্কুল অব প্রফেশনাল স্টাডিজের (এনওয়াইইউ এসপিএস) তথ্য অনুযায়ী, ডিস্টিংগুইশড স্কলারস অ্যাওয়ার্ড নামের বৃত্তিতে দুই বছরে ৭ হাজার থেকে ১১ হাজার ডলার পর্যন্ত সহায়তা পাওয়া যেতে পারে। এ বৃত্তির জন্য দেশীয় ও আন্তর্জাতিক আবেদনকারীদের বিবেচনা করা হয়।
এ ছাড়া নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য গ্যারান্টিড অ্যাডমিশন স্কলারশিপ কর্মসূচিতে এক বছরের জন্য ৮ হাজার থেকে ১১ হাজার ডলার পর্যন্ত বৃত্তির সুযোগ রয়েছে। তবে এসব বৃত্তি বিশ্ববিদ্যালয়ের সব মাস্টার্স প্রোগ্রামে একইভাবে প্রযোজ্য নয়।
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সুযোগ
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন করার আগে নিজেদের পছন্দের বিষয়, শিক্ষাগত যোগ্যতা এবং সংশ্লিষ্ট প্রোগ্রামের ভর্তি-সংক্রান্ত শর্ত যাচাই করতে হবে। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বৃত্তির সুযোগ থাকলেও আবেদন করলেই বৃত্তি নিশ্চিত হয় না।
বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো বৃত্তি মেধার ভিত্তিতে দেওয়া হয়। আবার কিছু বৃত্তির ক্ষেত্রে নির্দিষ্ট যোগ্যতা, ভর্তি-সংক্রান্ত শর্ত বা আর্থিক প্রয়োজন বিবেচনা করা হতে পারে।
আবেদনের নিয়ম
আগ্রহী শিক্ষার্থীরা নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগের ওয়েবসাইটে গিয়ে ভর্তি ও বৃত্তির নির্দেশনা দেখতে পারবেন। আবেদনের আগে প্রোগ্রামভেদে প্রয়োজনীয় শিক্ষাগত সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, জীবনবৃত্তান্ত এবং ইংরেজি ভাষার দক্ষতার শর্ত যাচাই করা উচিত।
আবেদনের সময়সীমা ও বৃত্তির জন্য আলাদা আবেদন করতে হবে কি না, সেটিও সংশ্লিষ্ট প্রোগ্রামের নির্দেশনা থেকে নিশ্চিত হতে হবে।
Comments
