নিজস্ব প্রতিবেদক, ভারতের উত্তর প্রদেশের লক্ষ্ণৌতে দশেরা উৎসবকে কেন্দ্র করে ‘সনাতন ভারতের বিরোধী রাবণ’ নামে একটি পোস্টার ঘিরে আলোচনা তৈরি হয়েছে। পোস্টারটিতে রাবণের দশটি মাথায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, মার্কিন ধনকুবের ইলন মাস্কসহ বিভিন্ন দেশের পরিচিত ব্যক্তি ও রাজনীতিকদের ছবি ব্যবহার করা হয়েছে।
‘সনাতন রক্ষা সংগঠন’ নামের একটি সংগঠন পোস্টারটি প্রচার করেছে। এতে বিভিন্ন রাজনৈতিক নেতা, সাবেক জনপ্রতিনিধি, আইনজীবী ও আন্তর্জাতিক ব্যক্তিত্বের ছবি প্রতীকীভাবে রাবণের দশ মাথায় বসানো হয়।
পোস্টারে যাঁদের ছবি দেখা গেছে, তাঁদের মধ্যে রয়েছেন ভারতের সাবেক বিধায়ক আতিক আহমেদ ও মুক্তার আনসারি, রাজনীতিক আজম খান, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, মার্কিন ধনকুবের ইলন মাস্ক, বাংলাদেশের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, ভারতীয় আইনজীবী প্রশান্ত ভূষণ, জর্জ সরোস ও ইলহান ওমর।
মঙ্গলবার (২০ অক্টোবর) উত্তর প্রদেশে দশেরা বা ‘রাবণ দহন’ উৎসব উদযাপনের কথা রয়েছে। প্রচলিত এই উৎসবে রাবণের প্রতিকৃতি পোড়ানোর মধ্য দিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির বিজয়ের প্রতীকী বার্তা তুলে ধরা হয়। তবে এবার উৎসবকে সামনে রেখে প্রচারিত পোস্টারটি রাজনৈতিক বিতর্কের নতুন মাত্রা যোগ করেছে।
ভারতীয় একটি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, লক্ষ্ণৌয়ের একটি স্থান থেকে সমাজবাদী পার্টির কর্মীরা ওই ধরনের একটি পোস্টার সরিয়ে ফেলছেন।
পোস্টারে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবের ছবি ব্যবহারের বিষয়টি নিয়েও আপত্তি উঠেছে। দলটির এক সংসদ সদস্যের দাবি, আগামী বছরের বিধানসভা নির্বাচন সামনে রেখে অখিলেশ যাদবের ক্রমবর্ধমান জনপ্রিয়তা নিয়ে বিজেপি উদ্বিগ্ন। এ কারণেই তাঁকে লক্ষ্য করে এমন প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
তবে পোস্টারটি তৈরির পেছনে সংশ্লিষ্ট সংগঠনের বিস্তারিত ব্যাখ্যা কিংবা বিজেপির আনুষ্ঠানিক বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
ড. মুহাম্মদ ইউনূসসহ বিভিন্ন আন্তর্জাতিক ব্যক্তিত্বের ছবি একই পোস্টারে ব্যবহারের ঘটনায় দশেরা উৎসবের ধর্মীয় ও সাংস্কৃতিক আবহের পাশাপাশি ভারতের রাজনৈতিক বিতর্কও আলোচনায় এসেছে।
