যুক্তরাষ্ট্রে ভিসা ও অভিবাসন আইন লঙ্ঘন করে অনুমোদিত সময়ের বেশি অবস্থান করলে ভবিষ্যতে দেশটিতে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখেও পড়তে পারেন। এ ক্ষেত্রে অতীতে অভিবাসন আইন লঙ্ঘনের তথ্য কনস্যুলার কর্মকর্তাদের নজরে আসবে এবং কোনো অনিচ্ছাকৃত ভুলের অজুহাতও গ্রহণযোগ্য হবে না বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (১৭ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
পোস্টে বলা হয়, ‘যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমোদিত সময়সীমার চেয়ে বেশি থাকলে আপনি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে ভ্রমণের ওপর স্থায়ী নিষেধাজ্ঞার পাশাপাশি ফৌজদারি মামলার মুখোমুখিও হতে পারেন।
কনস্যুলার কর্মকর্তারা আপনার অভিবাসন-সংক্রান্ত সব তথ্য দেখতে পারেন। অতীতে অভিবাসন আইন বা নিয়ম লঙ্ঘন করে থাকলে সেটিও তাদের নজরে আসবে।’
এর আগে, গত ১০ অক্টোবর দূতাবাসের ফেসবুক পেজে দেয়া আরেকটি পোস্টে অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্রে প্রবেশের অযোগ্য হওয়ার ঝুঁকি সম্পর্কে সতর্ক করা হয়। ওই পোস্টে বলা হয়, শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি বা অনুপ্রবেশের মতো অপরাধের কারণে ভিসা বাতিল হতে পারে। এসব অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে অযোগ্যও বিবেচনা করা হতে পারে।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল এবং দেশটিতে আগত সব বিদেশি পর্যটক ও ভ্রমণকারীর কাছ থেকেও মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করে।
