নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে ওষুধ কেনার কথা বলে বাসা থেকে বের হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সংস্কৃত বিভাগের সাবেক অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তাঁর সন্ধান চেয়ে মোহাম্মদপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নিহতের স্ত্রী চিকিৎসক কল্পনা হালদার।
অধ্যাপক দুলাল কান্তি ভৌমিক মোহাম্মদপুরের চন্দ্রিমা হাউজিং এলাকার স্থায়ী বাসিন্দা। পরিবারের সদস্য সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে ওষুধ কেনার উদ্দেশ্যে তিনি বাসা থেকে বের হন। এরপর রাত ১০টা গড়ালেও তিনি আর বাসায় ফিরে আসেননি।
পরিবারের সদস্যরা জানান, বাসার চারপাশের পরিচিত এলাকায় যাতায়াত থাকায় তিনি পথ ভুলে নিখোঁজ হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। তা ছাড়া কারও সঙ্গে তাঁর কোনো শত্রুতা বা কোনো বিষয়ে বিরোধের কথা তাঁদের জানা নেই। দীর্ঘ সময় ধরে তাঁর কোনো খোঁজ না পাওয়ায় পরিবার ও নিকটাত্মীয়দের মধ্যে তীব্র উৎকণ্ঠার সৃষ্টি হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষকের রহস্যজনক নিখোঁজের বিষয়ে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যবেক্ষণ করছে।
তিনি আরও জানান, বাসা থেকে বের হওয়ার সময় দুলাল কান্তি ভৌমিকের সঙ্গে কোনো মোবাইল ফোন ছিল না। এ কারণে তাঁর অবস্থান নির্ণয়ে পরিবার ও স্বজনদের দেওয়া তথ্যের ওপর ভিত্তি করে প্রযুক্তিগত ও মাঠপর্যায়ের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পুলিশ।
