ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্রের ২০২৭ অর্থবছরের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি চালুর জন্য ট্রাম্প প্রশাসনকে কড়া নির্দেশ দিয়েছে একটি ফেডারেল আদালত। বুধবার (১৪ অক্টোবর) দেওয়া এই আদেশের ফলে দীর্ঘদিন অনিশ্চয়তার মুখে থাকা গ্রিন কার্ড লটারির আবেদন প্রক্রিয়া পুনরায় শুরু হওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। নির্ধারিত সময়ে নিবন্ধনের সময়সীমা ঘোষণা না করায় পররাষ্ট্র দপ্তরকে এই পদক্ষেপ নিতে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের জেলা বিচারক জিনসুক ওহতা এক আদেশে পররাষ্ট্র দপ্তরকে ডিভি-২০২৭ লটারির নিবন্ধনপর্ব প্রকাশ্যে ঘোষণা করতে এবং অন্তত ত্রিশ দিন আবেদন গ্রহণের সুযোগ রাখতে বলেছেন। ক্যালিফোর্নিয়াভিত্তিক অভিবাসন আইন প্রতিষ্ঠান রেড ঈগল ল সরকারের নিষ্ক্রিয়তার বিরুদ্ধে মামলা করার পর এই রায় আসে।
মূলত, প্রতিবছর নিয়মিতভাবে এই কর্মসূচি পরিচালিত হলেও এবার নির্ধারিত সময়ে কোনো ঘোষণা না আসায় কর্মসূচিটি স্থগিত হয়ে পড়েছিল। সরকারের আইনজীবীরা আইনি জটিলতার কথা বললেও আদালত তা নাকচ করে দেন এবং জানান যে সরকারের এই নিষ্ক্রিয়তা আইনবহির্ভূত।
আদালতের নির্দেশের পর সময়সীমা কিছুটা পেছানোর বিষয়ে সরকার ও মামলাকারী পক্ষ যৌথভাবে আবেদন করেছে। ফলে চূড়ান্ত সময়সূচির জন্য মার্কিন পররাষ্ট্র দপ্তরের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় থাকতে হবে আবেদনকারীদের। ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর অর্থবছর শেষ হওয়ার আগেই নির্ধারিত ৫৫ হাজার ভিসার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
