জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে উৎসর্গ করে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে উদযাপিত হচ্ছে তিন দিনব্যাপী ‘৪০তম ফোবানা কনভেনশন-২০২৬’। শুক্রবার সন্ধ্যায় লং আইল্যান্ড সিটির ইভানজেল ক্রিস্টিয়ান সেন্টার অডিটোরিয়ামে বাংলাদেশ, যুক্তরাষ্ট্র ও কানাডার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এই কনভেনশনের আনুষ্ঠাক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে আয়োজক কমিটির নেতৃবৃন্দ ও আগত অতিথিরা জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বিনম্র শ্রদ্ধা নিবেদন করেন। ৪০তম ফোবানার আয়োজক কমিটির আহ্বায়ক নুরুল আমিন বাবুর পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফোবানা কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন ফোবানার প্রধান উপদেষ্টা ড. নূরুন নবী, সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ফরিদা ইয়াসমিন, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, ফোবানা কেন্দ্রীয় কমিটির নির্বাহী মহাসচিব দেওয়ান মনিরুজ্জামান, ফোবানা আয়োজক কমিটির চিফ পেট্রন শফিকুল আলম এবং সদস্য সচিব মনজুর কাদেরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ।
বক্তারা তাঁদের বক্তব্যে উল্লেখ করেন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাদ দিয়ে বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা অসম্ভব। বর্তমান প্রেক্ষাপটে তাঁর স্মৃতি ও অবদান মুছে ফেলার অপচেষ্টা করা হলেও দেশের জনগণ তা কখনো সফল হতে দেবে না। বঙ্গবন্ধুকে উৎসর্গ করে এই কনভেনশন আয়োজন করাকে তারা সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে আখ্যা দেন এবং আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান। পরবর্তীতে আহ্বায়ক নুরুল আমিন বাবু ৪০তম ফোবানার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করলে অডিটোরিয়াম জুড়ে উপস্থিত দর্শক-শ্রোতারা করতালির মাধ্যমে স্বাগত জানান।
উদ্বোধনী পর্ব শেষে বিশিষ্ট সাহিত্যিক হুমায়ুন কবির ঢালির লেখা ও ইবরার টিপুর সুরে তৈরি থিম সং পরিবেশন করেন শিল্পী শাহ মাহবুব ও বিন্দু কনা। প্রথম দিনের মূল আকর্ষণ ছিল বিপা (BIPA)-র শিল্পীদের পরিবেশনায় গীতিনাট্য ‘জয় বাংলা’, যা পরিচালনা করেন এ্যানি চৌধুরী এবং ধারা বর্ণনায় ছিলেন জেরিন মাইশা।

কনভেনশনের প্রথম দিনে স্ব-স্ব ক্ষেত্রে অবদানের জন্য বিপা-র দুই সহ-প্রতিষ্ঠাতা সেলিমা আশরাফ ও এ্যানি চৌধুরী এবং জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নির হাতে বিশেষ সম্মাননা তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন সেলিমা আশরাফ, দিনাত জাহান মুন্নি, আলভান চৌধুরী ও জেরিন মাইশা। নিউইয়র্কের জনপ্রিয় উপস্থাপিকা শারমিনা সিরাজ সোনিয়ার উপস্থাপনায় এই জমকালো আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আব্দুল হামিদ, মিনহাজ আহমেদ, গোপাল স্যাণ্যাল, শিবলী সাদিক, পিনাকি তালুকদার, রামস্বামী ঘরামি ও লিটু আনামসহ অনেকে।
