ফোরটিন ডেস্ক : যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে চলমান চরম বাণিজ্যিক উত্তেজনার মধ্যেই রাজধানী অটোয়ায় ডোনাল্ড ট্রাম্পের নামে থাকা ২৫ বছরের পুরোনো একটি সড়কের নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে সিটি কাউন্সিল। গত বুধবার অটোয়া সিটি কাউন্সিলের সর্বসম্মত ভোটে ‘ট্রাম্প অ্যাভিনিউ’ নাম বাতিলের প্রথম ধাপ অনুমোদন দেওয়া হয়। নতুন নামগুলোর প্রস্তাবনায় ‘ওবামা অ্যাভিনিউ’ ও ‘কানাডা অ্যাভিনিউ’-এর পাশাপাশি ট্রাম্পকে নিয়ে রাজনৈতিক ব্যঙ্গাত্মক সংক্ষিপ্ত শব্দবন্ধ ‘TACO’ (Trump Always Chickens Out) থেকে ‘টাকো অ্যাভিনিউ’ নাম দেওয়ার দাবিও উঠে এসেছে।
অটোয়ার সেন্ট্রাল পার্ক আবাসিক এলাকায় থাকা এই সড়কটির নাম ট্রাম্পের বিভিন্ন আপত্তিকর মন্তব্য এবং সাম্প্রতিক বাণিজ্যিক শুল্ক আরোপের কারণে স্থানীয় কাউন্সিলর ও অধিবাসীদের জন্য অত্যন্ত বিব্রতকর হয়ে উঠেছে। সম্প্রতি ২৭ আগস্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে লেক অন্টারিওর নাম যুক্তরাষ্ট্রে ‘লেক আমেরিকা’ হিসেবে ব্যবহারের নির্দেশ দেওয়ার পর কানাডার স্থানীয় রাজনীতিতে ট্রাম্পের ওপর ক্ষোভ আরও বেড়ে যায়। এরই জেরে কাউন্সিলর টিম টিয়ার্নি সড়কটির নাম পরিবর্তনের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন।
তবে অটোয়া পৌরসভা নিয়মানুযায়ী সড়কটির অধিবাসীদের অর্ধেকের বেশি সম্মতি দিলে এবং পর্যালোচনা শেষে অক্টোবরের শেষভাগে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে ২০২১ সালে একই ধরনের ভোটাভুটি হলেও নথিপত্র ও ঠিকানা পরিবর্তনের ঝামেলার কারণে প্রস্তাবটি পাস হয়নি। সিটি কাউন্সিলের একাংশ মনে করছেন, কেবল সড়ক বা লেকের নাম নিয়ে পাল্টাপাল্টি রাজনৈতিক বিরোধের চেয়ে দুই দেশের অর্থনৈতিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষা করাই এখন কানাডা সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।
