নিজস্ব প্রতিনিধি : সন্তানের রাজনৈতিক পরিচয় বা অপরাধ যাই হোক না কেন, সন্তানের প্রতি মায়ের নিঃশর্ত ভালোবাসার যে কোনো দল নেই, কোনো সীমানা নেই—তারই এক নির্মম ও হৃদয়বিদারক ছবি ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থেকে গণধোলাইয়ের শিকার হয়ে গ্রেপ্তার হওয়া ছাত্রলীগ কর্মী রাতুলের মায়ের একটি ছবি এখন নেটিজেনদের চোখে জল এনে দিচ্ছে। গ্রেপ্তার হওয়া সন্তানকে ঢাকার কারাগারে দেখতে এবং আইনি প্রক্রিয়ার খোঁজে এসে, বাড়ি ফেরার পথে ক্লান্তিতে বাসস্ট্যান্ডের মেঝেতেই ঘুমিয়ে পড়েছেন এক ভাগ্যহীন মা।
জানা গেছে, সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘মব’ বা গণধোলাইয়ের শিকার হয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হন ছাত্রলীগ কর্মী রাতুল। দূর গ্রামে বসে সন্তানের এই বিপদের খবর শুনেই স্থির থাকতে পারেননি তার মা। ছেলেকে একনজর দেখা আর আইনি সহায়তার জন্য গ্রাম থেকে একা ছুটে আসেন রাজধানী ঢাকায়। দিনভর আদালত আর কারাগারের দোরগোড়ায় ক্লান্তিকর ছুটাছুটি শেষে যখন গ্রামে ফিরে যাওয়ার পালা, তখন শরীর আর ক্লান্তির কাছে হার মেনেছে মায়ের অবশ মন। বাসের দীর্ঘ অপেক্ষার মাঝে টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকতে থাকতেই বাসস্ট্যান্ডের শক্ত ও নোংরা মেঝেতে ঘুমিয়ে পড়েন এই জননী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পথচারীর ক্যামেরায় বন্দি হওয়া এই ছবিটি শেয়ার করে হাজার হাজার মানুষ নিজেদের আবেগ ও অনুভূতির কথা প্রকাশ করছেন। অনেকেই বলছেন, রাজনীতি, অপরাধ কিংবা মতাদর্শের ঊর্ধ্বে গিয়ে বিচার করলে এটি কেবলই একজন মায়ের অবর্ণনীয় কষ্ট এবং সন্তানের জন্য ব্যাকুলতার চিরন্তন প্রতিচ্ছবি। দিনশেষে সব রাজনৈতিক আঘাত আর সংকটের সবচেয়ে বড় মূল্যটা চকাতে হয় একজন মা-কেই।
এই ঘটনা গভীরভাবে নাড়া দিয়েছে দেশের হাজারো তরুণের মনে। রাতুলের মায়ের এই ছবি দেখে নিজের ঘরে থাকা মায়ের কষ্টের কথা মনে করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি আবেগঘন পোস্ট দিয়েছেন এক সাধারণ যুবক। তিনি লিখেছেন—
“আমার মা-ও এমন ঘুমায়! জানালার গ্রিল ধরে চেয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ে! মাঝে মাঝে মাঝরাতে উঠে আমার ছোট ভাইকে আমার কথা জিজ্ঞেস করে। যতই বলা হয় ভাইয়া ভালো আছে, কিন্তু মায়ের চোখ থেকে ঘুম যেন উধাও হয়ে যায়। এই রকম কতশত রাত যে মা জেগে থাকে, তার হিসাব নেই।”
বর্তমানে দেশের সামগ্রিক প্রেক্ষাপটে পারিবারিক ও রাজনৈতিক নানা সংকটে সন্তানদের নিরাপত্তার চিন্তায় আজ দেশের বহু মা রাতের পর রাত পার করছেন জানালার গ্রিল ধরে চেয়ে থেকে। সন্তানের একটি নিরাপদ ফোনের আশায়, কিংবা গভীর রাতে দরজায় কড়া নাড়ার শব্দের অপেক্ষায় কাটে তাদের প্রতিটি প্রহর। বাসস্ট্যান্ডে ঘুমিয়ে থাকা এই মায়ের ছবি যেন দেশের সকল বিনিদ্র মায়ের এক প্রতীকী রূপান্তর।
