নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসিরুদ্দীন পাটোয়ারীকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনার দায় ছাত্রদলের ওপর চাপানোর তীব্র প্রতিবাদ জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান। এনসিপি নেতৃত্বের এই অভিযোগকে ‘হাস্যকর ও ভিত্তিহীন’ আখ্যা দিয়ে তিনি ধর্মীয় রূপকের আশ্রয়ে এক তীক্ষ্ণ রাজনৈতিক খোঁচা দিয়েছেন।
আমানউল্লাহ আমান স্পষ্ট ভাষায় বলেছেন, ছাত্রদল কখনো এই ধরনের সস্তা বা নোংরা অপকর্মে নিজেদের যুক্ত করে না। বরং দেশের সাধারণ মানুষ কেন ক্ষুব্ধ হয়ে এই ডিম ছুড়ছে, তার কারণ জনগণ ভালো করেই জানে।
সম্প্রতি ঝিনাইদহসহ দেশের বিভিন্ন স্থানে এনসিপি নেতা নাসিরুদ্দীন পাটোয়ারীর ওপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। এর পরপরই দলটির পক্ষ থেকে এই হামলার জন্য সরাসরি ছাত্রদলকে দায়ী করা হয়।
এর জবাবে ক্ষোভ প্রকাশ করে ছাত্রদল নেতা বলেন, ছাত্রদল একটি ঐতিহ্যবাহী সংগঠন এবং তারা এসব সস্তা লোকের গায়ে হাত দেয় না। জিলহজ মাসে শয়তানের ওপর পাথর নিক্ষেপ করার বিধান থাকলেও মানুষ এখন কেন পাথরের বদলে ডিম মারছে, তা জনগণই ভালো বোঝে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, গত সংসদ নির্বাচন থেকেই এনসিপি এবং বিএনপির মাঠপর্যায়ের নেতাকর্মীদের মধ্যে এক ধরণের অদৃশ্য স্নায়ুযুদ্ধ চলছিল। বিভিন্ন সভা-সমাবেশে এনসিপি নেতাদের কিছু কড়া বক্তব্যের জেরে মাঠের কর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন বলে ধারণা করা হচ্ছে।
এর আগে জুমার নামাজ শেষে বের হওয়ার সময় ঝিনাইদহে এবং রাজধানীর শান্তিনগরে একটি পিঠা উৎসবে গিয়েও উপর্যুপরি ডিমের মুখে পড়েছিলেন নাসিরুদ্দীন পাটোয়ারী। এনসিপির অভিযোগ, রাজনৈতিক ইশারায় ছাত্রদলই এই ডিম মারার সংস্কৃতি বাস্তবায়ন করছে।
