নিজস্ব প্রতিনিধি
সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা মনিরা শারমিনের মনোনয়নকে ঘিরে চলমান বিতর্কে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব হয়েছেন জুলকান নায়ন সায়েম।
সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি মনিরা শারমিনের প্রার্থিতা নিয়ে আইনি প্রশ্ন তোলেন। পোস্টে উল্লেখ করা হয়, মনিরা শারমিন ২০২৫ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকের সরকারি চাকরি থেকে পদত্যাগ করেছেন, কিন্তু সংবিধান ও গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী সরকারি চাকরি ছাড়ার পর তিন বছর পূর্ণ না হলে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই।
জুলকারনাইন তাঁর পোস্টে প্রশ্ন তোলেন—এই বিধান সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য কিনা। তাঁর মতে, সংবিধানে সংসদ সদস্য হওয়ার যোগ্যতার ক্ষেত্রে সরাসরি ও পরোক্ষ নির্বাচনের মধ্যে কোনো পার্থক্য করা হয়নি, ফলে সংরক্ষিত নারী আসনের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হওয়ার কথা।
তিনি আরও বলেন, যদি এই বিধান প্রযোজ্য হয়, তাহলে মনিরা শারমিনকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য করার এনসিপির অনুমোদন আইনগতভাবে গ্রহণযোগ্য হবে কিনা, তা স্পষ্ট করা প্রয়োজন।
এই পোস্টের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই বিষয়টির দ্রুত আইনি ব্যাখ্যা দেওয়ার দাবি জানিয়েছেন।
তবে এ বিষয়ে এখনো পর্যন্ত নির্বাচন কমিশন বা এনসিপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
