ঈদ উপলক্ষে নির্মিত বহুল আলোচিত বাংলা চলচ্চিত্র ‘রাক্ষস’ আজ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। দেশের গণ্ডি পেরিয়ে প্রবাসী দর্শকদের জন্য ছবিটি নিয়ে এসেছে নতুন উত্তেজনা ও আগ্রহ।
ঈদের অন্যতম আলোচিত সিনেমা ‘রাক্ষস’। মেহেদি হাসান হৃদয় পরিচালিত রোমান্টিক থ্রিলার সিনেমাটি মুক্তির পর থেকেই দর্শক ও বোদ্ধাদের প্রশংসা কুড়িয়েছেন। ‘বরবাদ’ নির্মাতার এবারের সিনেমাটি দেশের সীমানা ছাড়িয়ে যুক্তরাষ্ট্রে মুক্তি পেতে যাচ্ছে আজ শুক্রবার (১৭ এপ্রিল)।
আন্তর্জাতিক পরিবেশক হিসেবে রয়েছে গ্যালাক্সি মিডিয়া।
চলচ্চিত্রটি ইতোমধ্যে বাংলাদেশে মুক্তির পর দর্শকদের মাঝে বেশ সাড়া ফেলেছে। গল্প, অভিনয় ও নির্মাণশৈলীর কারণে ‘রাক্ষস’ নিয়ে তৈরি হয়েছে ব্যাপক আলোচনা। বিশেষ করে থ্রিলার ও সামাজিক বার্তার সংমিশ্রণ ছবিটিকে আলাদা মাত্রা দিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলা ভাষাভাষী দর্শকদের জন্য এই মুক্তি একটি বড় প্রাপ্তি হিসেবে দেখা হচ্ছে। নিউইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া সহ বিভিন্ন অঙ্গরাজ্যের নির্বাচিত হলে ছবিটি প্রদর্শিত হবে বলে জানা গেছে। প্রবাসী দর্শকদের মধ্যে ইতোমধ্যেই টিকিট নিয়ে আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে।
ছবির নির্মাতা ও সংশ্লিষ্টরা আশা করছেন, দেশের মতো বিদেশেও ‘রাক্ষস’ দর্শকদের মন জয় করবে। তারা মনে করছেন, প্রবাসে বাংলা চলচ্চিত্রের বাজার বিস্তারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, যিনি ‘রাক্ষস’ চরিত্রে এক ভিন্নরূপে হাজির হচ্ছেন। ইতোমধ্যেই পোস্টার ও প্রচারণায় তার লুক দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। রিয়েল এনার্জী প্রোডাকশনের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করেছেন আজিম হারুন ও শাহরীন আক্তার সুমি।
নির্মাতা হৃদয় জানান, ‘রাক্ষস’ শুধুমাত্র একটি অ্যাকশন সিনেমা নয়, বরং মানুষের অন্তর্গত অন্ধকার দিক ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরবে। দর্শকদের জন্য থাকছে চমকপ্রদ ভিজ্যুয়াল, তীব্র নাটকীয়তা এবং এক ভিন্নধর্মী সিনেম্যাটিক অভিজ্ঞতা।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের প্রধান প্রধান এএমসি সিনেমা হলগুলোতে মুক্তি পাচ্ছে ‘রাক্ষস’। উল্লেখযোগ্য কয়েকটি থিয়েটার হলো- কলোরাডো: এএমসি হাইল্যান্ডস র্যাঞ্চ ২৪ এবং এএমসি ফোর্ট কলিন্স ১০; ফ্লোরিডা: এএমসি অ্যাভেন্টুরা মল ২৪ এবং এএমসি সানসেট প্লেস ২৪; নিউ জার্সি: এএমসি জার্সি গার্ডেনস ২০, এএমসি ব্রান্সউইক স্কয়ার ১৩ এবং এএমসি চেরি হিল ২৪; পেনসিলভেনিয়া: এএমসি নেশামিনি ২৪ (এখানে ২২ এপ্রিল থেকে প্রদর্শিত হবে); ম্যাসাচুসেটস: এএমসি বার্লিংটন ১০; মিশিগান: এএমসি ফোরাম ৩০; ওহাইও: এএমসি ইস্টন টাউন সেন্টার ৩০; নর্থ ক্যারোলিনা: এএমসি ক্লাসিক জ্যাকসনভিল ১৬; ওকলাহোমা: এএমসি পেন স্কয়ার মল ১০।
ঈদ ও নববর্ষের আনন্দকে আরও বাড়িয়ে দিতে ‘রাক্ষস’ যুক্তরাষ্ট্রে কেমন সাড়া ফেলে, এখন সেটাই দেখার অপেক্ষা।
