জাবি প্রতিনিধি: লেকের ক্যাম্পাস জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) গ্রামবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ‘ভেলা বাইচ’ প্রতিযোগিতার মাধ্যমে উদযাপিত হলো চৈত্র সংক্রান্তি ১৪৩২।
সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ‘রংপুকুর’ প্রাঙ্গণে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)-এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা শিক্ষার্থীদের মাঝে এক উৎসবমুখর আমেজ তৈরি করে।
ঐতিহ্যবাহী এই আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “নববর্ষকে ঘিরে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক সম্প্রীতি ও লোকজ সংস্কৃতির প্রতি অনুরাগ সৃষ্টি করে। যান্ত্রিক জীবনের বাইরে আমাদের শেকড়ের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা জরুরি।”
প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১১টি আবাসিক হল থেকে মনোনীত মোট ২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। কলাগাছ দিয়ে তৈরি দেশীয় শৈলীর ভেলায় চড়ে প্রতিযোগীরা একে অপরের সাথে টক্কর দেন, যা লেকের পাড়ে ভিড় জমানো শত শত দর্শকের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করে।
প্রতিযোগিতা শেষে জাকসুর সহ-সভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মহিবুল্লাহ শেখ জিসান বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। লড়াইয়ে প্রথম স্থান অধিকার করে শহীদ সালাম-বরকত হল। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে নবাব সলিমুল্লাহ হল এবং কামাল উদ্দিন হল। বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে ছিল লোকজ ঐতিহ্যের অংশ রাজহাঁস, দেশি মুরগি এবং একজোড়া কবুতর।
জাকসুর সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ জানান, “শিক্ষার্থীদের মাঝে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা বজায় রাখতেই এই ভিন্নধর্মী উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বড় পরিসরে করার পরিকল্পনা রয়েছে তাদের।”
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রাধ্যক্ষ এবং সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত থেকে এই জল-উৎসব উপভোগ করেন। চৈত্র সংক্রান্তির এই আয়োজন যেন পুরো ক্যাম্পাসে আগাম বৈশাখের বারতা ছড়িয়ে দেয়।
