নিজস্ব প্রতিনিধি
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে নতুন করে আলোচনায় এসেছেন এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী। ভিডিওটিতে দেখা যায়, তিনি একটি বক্সিং মেশিনে ঘুষি দিচ্ছেন এবং পাশে থাকা এক ব্যক্তির সঙ্গে কথোপকথনের এক পর্যায়ে আব্বাস নাম উচ্চারণ করছেন, যা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।
ভিডিওটি কোথায় ধারণ করা হয়েছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও, অনেকেই ধারণা করছেন এটি বিদেশে অবস্থানকালে ধারণ করা হতে পারে। কিছু সূত্র বলছে, তিনি ওই সময় ওমরাহ পালন করতে সৌদি আরবে অবস্থান করছিলেন। তবে এ তথ্যেরও আনুষ্ঠানিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি।
ভিডিওর একটি অংশে শোনা যায়, পাশে থাকা ব্যক্তি তাকে সর্বোচ্চ শক্তি প্রয়োগের কথা বললে তিনি হাস্যরসাত্মক ভঙ্গিতে আব্বাস নাম উল্লেখ করেন। এরপর বক্সিং মেশিনে ঘুষি মারেন। এই মন্তব্যটি নিয়েই মূলত বিতর্কের সূত্রপাত।
এ ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ বিষয়টিকে নিছক হাস্যরস হিসেবে দেখছেন। আবার অনেকে এটিকে একজন সিনিয়র রাজনীতিবিদের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে ব্যাখ্যা করছেন। বিশেষ করে মির্জা আব্বাস-এর নাম জড়িয়ে পড়ায় তার সমর্থকদের মধ্যে ক্ষোভ লক্ষ্য করা গেছে। মির্জা আব্বাস বর্তমানে সিঙ্গাপুরে অসুস্থ আবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে নাসীরুদ্দীন পাটওয়ারী এমন ব্যবহারে আব্বাস ভক্তরা মানসিক ভাবে কষ্ঠ পেয়েছেন।
তবে সংশ্লিষ্ট ব্যক্তির পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ভিডিওটির সত্যতা, প্রেক্ষাপট ও সম্পূর্ণ ঘটনা যাচাই করা না হওয়া পর্যন্ত এ বিষয়ে চূড়ান্ত মন্তব্য করা কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া যেকোনো কনটেন্ট শেয়ার বা ব্যাখ্যার ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি। কারণ প্রেক্ষাপটবিহীন বা আংশিক তথ্য সহজেই বিভ্রান্তি তৈরি করতে পারে।
