নরসিংদীর বেলাব উপজেলায় নিখোঁজের তিন দিন পর বস্তাবন্দি অবস্থায় আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে উপজেলার বাজনাব ইউনিয়নের বীর বাঘবের গ্রামের একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহত আজিমুল কাদের ভূঁইয়া স্থানীয় মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। তিনি বেলাব উপজেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বাজনাব ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। পাশাপাশি তিনি একটি পোলট্রি খামারের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে নিজ এলাকার পোলট্রি খামার থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হন। পরদিন স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে বুধবার থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পরিবারের সদস্যরা জানান, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল তার খামারে কাজের জন্য দুইজন শ্রমিক নিয়োগ দেন। তাদের একজনের নাম রুবেল বলে জানা গেলেও অন্যজনের পরিচয় অজানা। নিখোঁজ হওয়ার পর থেকে ওই দুই শ্রমিককেও খুঁজে পাওয়া যাচ্ছে না। এছাড়া খামারে থাকা মুরগিগুলোও উধাও হয়ে গেছে, যা ঘটনাটিকে আরও রহস্যজনক করে তুলেছে বলে ধারণা স্থানীয়দের।
বৃহস্পতিবার সন্ধ্যার পর স্থানীয়রা ডোবায় একটি বস্তাবন্দি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ জানান, মরদেহটি নিহতের খামারের পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।
