নিজস্ব প্রতিবেদক
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ও টেলিভিশন চ্যানেল ‘ডিবিসি’র সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার দুপুরে মহাখালীতে ডিবিসির কার্যালয় থেকে তাকে নিয়ে যাওয়া হয়। একই সময় প্রতিষ্ঠানটির প্রধান অপরাধ প্রতিবেদক রাজীব ঘোষকেও পুলিশের গাড়িতে তোলা হয়। ইকবাল সোবহান চৌধুরী ইংরেজি দৈনিক ‘ডেইলি অবজারভার’-এর সম্পাদক ও প্রকাশকের দায়িত্বেও রয়েছেন।
তাকে ডিবি কার্যালয়ে নেওয়ার সত্যতা নিশ্চিত করে ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মো. শফিকুল ইসলাম বলেন, তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি, জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। সেখানে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সে কারণেই জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তাকে আনা হয়েছে। তবে ঠিক কী ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই ডিবি কর্মকর্তা।
এদিকে ঘটনাটির পর বিকেলে মহাখালীতে ডিবিসি কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন প্রতিষ্ঠানটির অ্যাসাইনমেন্ট এডিটর মুক্তাদীর অনিক। তিনি বলেন, ডিবিসি অফিস থেকে বের হওয়ার সময় রাস্তা থেকে ইকবাল সোবহান চৌধুরীকে ডিবি নিয়ে যায়। ঠিক কী কারণে তাকে নেওয়া হয়েছে তা এখনো পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে, জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক কোনো মামলার বিষয়ে হতে পারে। বিষয়টির স্পষ্ট কারণ আমরাও জানার চেষ্টা করছি।
ক্রাইম চিফ রাজীব ঘোষকে নিয়ে যাওয়ার বিষয়ে অনিক স্পষ্ট করেন, আমাদের সহকর্মী রাজীব ঘোষকে ধরে নেওয়া হয়নি। তিনি ক্রাইম বিট কাভার করার সুবাদে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে উনার ভালো সম্পর্ক রয়েছে। পুলিশ অফিসাররা জাস্ট বলেছেন ‘একটু চলেন, একসাথে চা খাবো’। তাকে ইকবাল সোবহান চৌধুরীর মতো ধরে নিয়ে যাওয়া হয়নি।
