নিজস্ব প্রতিবেদক
নাটোর রেলস্টেশনে প্রতারকের খপ্পরে পড়ে চুরি যাওয়া নিজের দামি ম্যাকবুক ল্যাপটপ ও ডিএসএলআর ক্যামেরা উদ্ধারের আশায় রাজশাহীতে অবস্থান করছেন জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কাজটি কঠিন, তবে আমার মনে হচ্ছে আমরা ধীরে ধীরে সঠিক অবস্থানের কাছাকাছি পৌঁছাচ্ছি।’
জানা যায়, বাংলাদেশে প্রথম সফরে আসা এই জার্মান পর্যটক গত বুধবার বগুড়া ঘুরে সান্তাহার থেকে ট্রেনে দর্শনা যাচ্ছিলেন। কিন্তু ভুলবশত তিনি নাটোর রেলস্টেশনে নেমে পড়েন। সেখানে ট্রেনের কর্মকর্তা পরিচয়ে এক যুবকের সঙ্গে তাঁর কথা হয়। এটিএম বুথ থেকে টাকা তোলার সময় ওই যুবকের কাছে ব্যাগ রেখে যান তিনি। ফিরে এসে দেখেন ব্যাগসহ ওই ব্যক্তি চম্পট দিয়েছে। ব্যাগে তাঁর পাসপোর্ট না থাকলেও গুরুত্বপূর্ণ তথ্য সমৃদ্ধ ল্যাপটপ ও ক্যামেরা ছিল।
ঘটনার পর নাটোর সদর থানায় জিডি করা হলে ল্যাপটপের লোকেশন ট্র্যাকিং শুরু করে পুলিশ। প্রথমে রাজশাহীর রেলগেট ও পরে মহিলা কলেজের আশপাশে অবস্থান দেখা গেলেও পরে তা পরিবর্তন হয়ে আব্দুলপুর রেলস্টেশনের দিকে নির্দেশ করে। তবে ল্যাপটপে কোনো সিম না থাকায় সুনির্দিষ্ট অবস্থান পাওয়া কিছুটা কঠিন হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
রাজশাহী রেলওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান জানান, আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থা—আরএমপি, ডিবি, র্যাব, ট্যুরিস্ট পুলিশ ও রেলওয়ে পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তকে শনাক্তের চেষ্টা চলছে এবং স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
জার্মান পর্যটকের প্রতি পুলিশের এই আন্তরিক সহযোগিতাকে সাধুবাদ জানিয়ে দ্রুত নিজের মালামাল ফিরে পাওয়ার আশা প্রকাশ করেছেন ক্রিল ল্যান্ডার।
